লঞ্চের ছাদে বয়া, তবে যাত্রীদের জন্য নয়
একটি দৃশ্যমান পরিবর্তন ঘটেছে মাওয়া-কাওড়াকান্দি রুটের লঞ্চগুলোতে। গতকাল বৃহস্পতিবার মাওয়া ঘাটে গিয়ে দেখা গেল, প্রতিটি লঞ্চের ছাদের সামনের অংশে লম্বা শক্ত কাছি দিয়ে একটি করে বয়া বাঁধা। ৪ আগস্ট মাওয়া ঘাটের কাছে পিনাক-৬ নামের লঞ্চডুবির পর গতকাল পর্যন্ত সেটিকে খুঁজে পাওয়া যায়নি। ভবিষ্যতে আবার কোনো লঞ্চডুবি হলে যেন তার হদিস পাওয়া যায়, সে কারণেই দেড় শ ফুট কাছি দিয়ে ছাদে এই বয়া বাঁধার ব্যবস্থা; যাত্রীদের প্রাণ রক্ষার জন্য নয়।
৫ আগস্ট স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা লঞ্চমালিকদের একসঙ্গে তিনটি জরুরি নোটিশ দিয়েছেন। এর প্রথমটি হলো ‘প্রতিটি লঞ্চে লম্বা দড়ি দিয়া বয়া স্থাপন প্রসঙ্গে’। সেই নোটিশ মেনে লঞ্চের বয়া স্থাপন করা হয়েছে। অন্য দুটি নোটিশে লঞ্চের যাত্রী ধারণক্ষমতা ও ফিটনেস সার্টিফিকেট লঞ্চের দৃশ্যমান স্থানে স্থাপন করতে এবং লঞ্চ পরিচালনার আনুষঙ্গিক কাগজপত্র জমা দিতে বলা হয়েছে। ঘাটের ২ নম্বর টার্মিনালে মাওয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস সহকারী কামাল উদ্দিন বয়াসংক্রান্ত নোটিশ কার্যকর হয়েছে কি না, তা তদারক করছিলেন। তিনি গভীর আত্মপ্রসাদের সঙ্গে প্রথম আলোকে জানালেন, প্রথম নোটিশটি দ্রুতই কার্যকর হয়েছে। বাকি দুটির জন্য এ মাসের ১০ তারিখ পর্যন্ত সময় দেওয়া হয়েছে। ‘ইনশা আল্লাহ কার্যকর করা হবে। কোনো ছাড় দেওয়া হবে না।’
লঞ্চডুবির পর ইত্যকার সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হলেও আগে এসব ছিল না। এই টার্মিনালের পাশেই বিক্রমপুরের মেদিনীমন্ডল গ্রামের নূর ইসলামের রুটি-বিস্কুটের দোকান। বয়স ৬০। তিনি বললেন, ‘অক্ষন ব্যাক্কের টনক নড়ছে। আগে কাউরে কিছু করতে দেখি নাই।’ তাঁর বক্তব্য হলো, প্রায় ২২ বছর হলো এই ঘাট হয়েছে। লঞ্চগুলো কীভাবে চলছে, কত যাত্রী উঠছে, কেউ কখনো এসে দেখভাল করেনি। অন্তত ঈদের সময়ও যদি এসব তদারকের ব্যবস্থা থাকত, তবে এতগুলো মানুষ অকালে প্রাণ হারাত না।
মাওয়া ঘাটের পরিবেশ ক্রমেই স্বাভাবিক হয়ে আসছে। বাস টার্মিনালে বিভিন্ন রুটের বাস এসে থামছে, যাচ্ছে। লঞ্চ টার্মিনালে ব্যাগ-বোঁচকা নিয়ে স্রোতের মতো মানুষ ওঠানামা করছে। ঘাটের পাশের খাবারের দোকানগুলো থেকে যাত্রীদের দৃষ্টি আকর্ষণ করে খাবার পরিবেশনকারীরা ‘টাকটা ইলিশ ভাজা’ বলে হাঁক ছাড়ছেন। তবে খাবারের দোকানগুলোতে ক্রেতা অল্পই। তার কারণ হয়তো মাত্র চার দিন আগের মর্মান্তিক দুর্ঘটনার বিষাদ মানুষের মনে এখনো রেখা ফেলে আছে। যেখানে এতগুলো মানুষ প্রাণ হারাল, সেখানে বসে ইলিশ ভাজার স্বাদ আস্বাদন করতে মন সায় দিচ্ছে না অনেকেরই। গম্ভীর মুখে তাঁরা পন্টুনে উঠে যাচ্ছেন বা নেমে আসছেন। কাশফুল হোটেলের ব্যবস্থাপক মঈনুদ্দিন জানালেন, ৭০ টাকার ইলিশের টুকরা এখন ৫০ টাকায় দিচ্ছেন, তবু লোকের তেমন আগ্রহ নেই। আগে যেখানে প্রায় ৩৫-৪০টি ইলিশ বিক্রি হতো এখন ২০টিও হচ্ছে না।
ঘাটের দক্ষিণ প্রান্তে স্থাপন করা হয়েছে নিয়ন্ত্রণকক্ষ। সেখানেই উদ্ধারকৃত মৃতদেহের তথ্যাদি রাখা হচ্ছে। নিখোঁজ যাত্রীদের স্বজনেরা চার দিন অপেক্ষা করে অনেকেই মাওয়া থেকে চলে গেছেন। অল্প যে কয়েকজন এখনো স্বজনের মৃতদেহ পাওয়ার আশায় অপেক্ষা করছেন, তাঁরা এই নিয়ন্ত্রণকক্ষের আশপাশের দোকান বা টার্মিনালের ছাউনির তলায় বিষণ্ন মুখে বসে আছেন। এখানেই কথা হলো নারায়ণগঞ্জের স্যানেটারি ফিটিং মিস্ত্রি জব্বার আলীর সঙ্গে। দোকানের বেঞ্চে বসে তিনি দুপুরে রুটি-কলা খাচ্ছিলেন। বোঝাই যাচ্ছিল রুটি গলা দিয়ে নামছে না। এক টুকরা রুটি মুখে দিয়ে বার কয়েক চিবিয়ে পাশে রাখা পানির বোতল মুখে তুলে তিনি রুটির টুকরাটি গিলছিলেন। কথা বলে জানা গেল, তিনি স্ত্রী জাহানারা বেগম, দুই মেয়ে হালিমা ও তানজিলা এবং ছেলে আনোয়ার হোসেনকে নিয়ে ফরিদপুরে এক আত্মীয়ের বিয়েতে গিয়েছিলেন। ফেরার পথে লঞ্চডুবি। ছেলে আর তিনি ছিলেন ডেকে। সাঁতরে তীরে উঠেছেন। স্ত্রী আর দুই মেয়ে ছিল নিচের তলায়। তাদের খোঁজ নেই। ছেলেকে নিয়ে চার দিন ধরে এখানে পড়ে আছেন।
জব্বার আলীর সঙ্গে কথা বলতে বলতেই প্লাস্টিকের ব্যাগে ভরা মৃতদেহ নিয়ে একটি স্পিডবোট এসে ভিড়ল ঘাটে। গণমাধ্যমকর্মী, স্বজনের প্রতীক্ষায় থাকা প্রিয়জন আর কৌতূহলী লোকের ভিড় জমে উঠল।
ঘামে আর অশ্রুতে মুখমণ্ডল জবজবে এক শ্মশ্রুমণ্ডিত প্রৌঢ় নেমে এলেন ঘাটে। তাঁর সঙ্গী কয়েকজন ধরাধরি করে ব্যাগটি তুলে ফেললেন সেখানে অপেক্ষমাণ একটি মাইক্রোবাসে। প্রৌঢ়ের হাতে স্কুলের নীল পোশাক পরা এক কিশোরীর ছবি। সেটি নিয়ে তিনি নাম, ঠিকানা অন্যান্য তথ্য লিপিবদ্ধ করালেন নিয়ন্ত্রণকক্ষে। এরপর গণমাধ্যমকর্মীরা ছেঁকে ধরলেন তাঁকে।
কিশোরটি তাঁর মেয়ে। মিম। মা বিউটি আক্তারের সঙ্গে ঈদের ছুটিতে গিয়েছিল নানাবাড়ি ফরিদপুরের ভাঙ্গায়। লঞ্চটি যখন তলিয়ে যাচ্ছিল, তখন বিউটি মেয়ের হাত ধরে ভেতর থেকে ডেকে উঠে এসেছিলেন। তারপর প্রবল স্রোতে মা-মেয়ের ছাড়াছাড়ি। চিরজন্মের মতো। বিউটি ভেসে যাচ্ছিলেন। স্পিডবোট নিয়ে স্থানীয় উদ্ধারকারীরা তাঁকে নদী থেকে তুলে আনেন। তবে মেয়ের শোকে তিনি পাগলপ্রায়।
মিমের বাবা ইব্রাহীম হোসেন সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পরিবহনপুলের গাড়িচালক। বাড়ি গাজীপুরের কাপাসিয়ায়। থাকেন ডেমরায়। মেয়ের লাশ নিয়ে ফিরে যাচ্ছেন। জানালেন, মিম ডেমরার শামসুল হক স্কুল অ্যান্ড কলেজে অষ্টম শ্রেণিতে পড়ত। এবার জেএসসি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিল।
মিমের আর পরীক্ষা দেওয়া হবে না। তার নামটাও কাটা যাবে স্কুলের খাতা থেকে। সহপাঠী, শিক্ষক, চেনাজানা সবাই হয়তো একসময় ভুলে যাবে তার কথা। সেটিই স্বাভাবিক। কেবল বাবা-মায়ের চোখ থেকে তার জন্য ঝরবে গোপন অশ্রু।