লঞ্চের টিকিটের কৃত্রিম সংকটের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা নদীবন্দর সদরঘাট লঞ্চ টার্মিনালে গতকাল রোববার সকাল থেকে লঞ্চের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। কিন্তু আগের মতোই এবারও প্রথম দিন থেকেই লঞ্চের প্রথম ও দ্বিতীয় শ্রেণীর কেবিনের অগ্রিম টিকিট বুকিং দিতে এসে ভোগান্তিতে পড়েন ঘরমুখো মানুষ। অভিযোগ উঠেছে, লঞ্চের মালিকেরা কৃত্রিম সংকট দেখিয়ে টিকিট বিক্রি করছেন না। আবার কোনো কোনো লঞ্চের টিকিট অতিরিক্ত দামে বিক্রি করা হচ্ছে।
বিআইডব্লিউটিএ সূত্র জানায়, ঈদ উপলক্ষে ২৪ জুলাই থেকে দেশের দক্ষিণাঞ্চলগামী লঞ্চযাত্রীদের সুবিধার্থে যাত্রীবাহী বিশেষ লঞ্চ চলাচল করবে। এবার ১৬টি নতুন লঞ্চকে দেওয়া হবে বিশেষ রুট পারমিট।
অগ্রিম টিকিটের জন্য গতকাল সকালেই যাত্রাবাড়ী থেকে সদরঘাটে আসেন মো. মহসিন হোসেন। ঈদে তিনি যাবেন তাঁর গ্রামের বাড়ি ঝালকাঠিতে। কয়েকটি লঞ্চ ঘুরে টিকিট না পেয়ে ক্ষোভ প্রকাশ করে এই পোশাক ব্যবসায়ী বলেন, ‘শুনেছি, সকাল থেকেই লঞ্চের অগ্রিম টিকিট বিক্রি হবে। কিন্তু সকালে এসেই শুনছি টিকিট নেই, সব বুকিং হয়ে গেছে।’
এ ব্যাপারে বাংলাদেশ লঞ্চ মালিক সমিতির সহসভাপতি ও পারাবত লঞ্চের মালিক শহিদুল ইসলাম ভূঁইয়া বলেন, আগে আসলে আগে পাবেন ভিত্তিতে লঞ্চের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। টিকিট সংকট ও ভাড়া বৃদ্ধির বিষয়টি সঠিক নয়। তিনি বলেন, এবার সব সময়ের চেয়ে ১০ শতাংশ ভাড়া কম নেওয়া হবে।
এদিকে গতকাল দুপুরে সদরঘাট লঞ্চ টার্মিনালে বিআইডব্লিউটিএ সভাকক্ষে ঈদে ঘরমুখো মানুষের সুষ্ঠু ও নিরাপদ যাত্রীসেবা দেওয়ার লক্ষ্যে বিআইডব্লিউটিএ ও লঞ্চমালিকদের একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় বেশ কিছু সিদ্ধান্ত হয়। এর মধ্যে রয়েছে, ঈদের এক সপ্তাহ আগে থেকে বন্দর সমন্বয় কমিটি মনিটরিং কার্যক্রম শুরু করবে। পন্টুনের নির্ধারিত স্থানে লঞ্চ নোঙর করতে হবে। মাঝ নদী থেকে ও নৌকায় করে যাত্রী ওঠানামা করা যাবে না। নির্ধারিত সময়ের আগেই লঞ্চ যাত্রীবোঝাই হয়ে গেলে কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী বন্দর ত্যাগ করতে হবে। পন্টুনে অতিরিক্ত যাত্রী হলে বন্দরের প্রধান গেটগুলো বন্ধ করে দেওয়া হবে। লঞ্চের ছাদে যাত্রী নেওয়া যাবে না। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় লঞ্চ পরিচালনা করা যাবে না। পন্টুনে কোনো হকার, পকেটমার কিংবা ছিনতাইকারী যেন ঘোরাঘুরি করতে না পারে, সে বিষয়ে পুলিশ প্রশাসন ব্যবস্থা নেবে।
তবে এত সিদ্ধান্ত গ্রহণের পরও মানুষের সচেতনতাকেই গুরুত্ব দিলেন বিআইডব্লিউটিএর সদস্য (পরিকল্পনা ও পরিচালন) ভোলানাথ দে। তিনি বলেন, ‘যাত্রী যদি নিজেই অতিরিক্ত যাত্রী হয়ে লঞ্চে ওঠে, তবে আমাদের কিছু করার থাকে না।’
সভা শেষে অভ্যন্তরীণ নৌ চলাচল (যাপ) সংস্থার ঢাকা নদীবন্দরের আহ্বায়ক সিদ্দিকুর রহমান ভূঁইয়া সাংবাদিকদের বলেন, ঈদ উপলক্ষে বিশেষভাবে নতুন ১৬টি লঞ্চের রুট পারমিট দেওয়া হচ্ছে। কিন্তু এগুলো নোঙর করার জন্য টার্মিনালে পর্যাপ্ত জায়গা নাই। এগুলো এখন কোথায় নোঙর করা হবে?
সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা সহকারী পুলিশ সুপার (কেরানীগঞ্জ সার্কেল) শহীদুল ইসলাম, নৌ নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের পরিচালক শফিকুল হক ও যুগ্ম পরিচালক সাইফুল হক খান, সহকারী পুলিশ কমিশনার (ডিএমপি) উৎপল দত্ত, দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল উদ্দিন মীর প্রমুখ।