লঞ্চের ডেকে ইফতার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সদরঘাটে একটি লঞ্চে ইফতার করছেন যাত্রীরা ষ ছবি: প্রথম আলো
সদরঘাটে একটি লঞ্চে ইফতার করছেন যাত্রীরা ষ ছবি: প্রথম আলো

একটু পরেই ইফতারের সময়। সদরঘাট লঞ্চঘাটের পন্টুন এবং লঞ্চের ভেতর ও বাইরে সবাই ব্যস্ত ইফতারের আয়োজন নিয়ে। লঞ্চ থেকে ভেসে আসছে পবিত্র কোরআন তিলাওয়াত। ঘাটের দোকানগুলো ইফতারির পসরা সাজিয়ে বসে আছে। বিক্রি হচ্ছে ছোলা, মুড়ি, পেঁয়াজু, আলুর চপ, বেগুনি, খেজুর। এর সঙ্গে বোতলজাত পানি, মাঠা, ফলের রস, কোমল পানীয়। ফলের মধ্যে আছে আম, আনারস, ফুটি, আপেল, আঙুর, লটকন। লঞ্চগুলোর আশপাশে সারি সারি নৌকা। নৌকায় করেও হকারেরা বিক্রয় করছেন ইফতারি। কেউ কেউ বিক্রি করছেন সেহিরর জন্য শুকনো খাবার। এ দৃশ্য দেখা গেল গতকাল সোমবার বিকেলে।
দূরপাল্লার লঞ্চগুলো ছাড়বে রাত নয়টায়। তবে দুপুর থেকেই আসতে শুরু করেন যাত্রীরা। ডেকে বসেছেন তাঁরা। আগে না এলে ডেকে ভালো জায়গা পাওয়া যায় না। ডেকে জায়গা নিতে হয় চাদর বিছিয়ে। কেউ যদি চাদর আনতে ভুল করেন, তবে তাঁর পক্ষে ডেকে জায়গা পাওয়া কঠিন। তবে বিকল্প ব্যবস্থা আছে। প্রতিটি লঞ্চেই ফেরি করে চাদর বিক্রি করেন হকারেরা। তাঁদের কাছ থেকে কিনে নেন অনেকে।
ঝালকাঠির নলছিটি উপজেলার জয়নাল ফকির ডেকে চাদর বিছিয়ে ইফতারের আয়োজন করছিলেন। তিনি কিনেছেন আম, কলা, খেজুর, মুড়ি, ছোলা, পেয়াঁজু ও আলুর চপ। একটি গামলায় সবকিছু একসঙ্গে মাখিয়ে নিচ্ছেন। তিনি বলেন, ‘ইফতারিটা এখান থেকে কিনেছি। লঞ্চে খাবারের দাম অনেক বেশি। তাই বাসা থেকে রাতের ও সেহিরর খাবার নিয়ে এসেছি।’
লঞ্চের কেবিনগুলোতে ইফতারের আয়োজন তেমন দেখা গেল না। কারণ, কেবিন আগে থেকে বুকিং নেওয়া যায়। এ জন্য কেবিনের যাত্রীরা সাধারণত লঞ্চ ছাড়ার কিছু আগে আসেন।
ঈদের কাছাকাছি সময়ে লঞ্চে ভিড় বেশি হয় বলে অনেকে একটু আগেই স্ত্রী-সন্তানদের গ্রামের বাড়ি পাঠিয়ে দেন। বরিশালের নঈম জুবায়ের এমন একজন। পরিবারকে বাড়ি পাঠানোর জন্য সদরঘাট লঞ্চঘাটে এসেছেন তিনি। লঞ্চ ছাড়তে যেহেতু দেরি, তাই তিনি পরিবারের সঙ্গে ইফতার করছিলেন। ডেকে গোল হয়ে বসে বিভিন্ন উপকরণ দিয়ে ইফতারের আয়োজন করেছেন। তিনি বলেন, ‘ঈদের কয়েক দিন আগে প্রচণ্ড ভিড় থাকে। টিকিট পেতে অনেক কষ্ট হয়। তা ছাড়া ভাড়াও বেশি থাকে। তাই আগে থেকে পরিবার ও ছেলেমেয়েদের বাড়ি পাঠাচ্ছি। অফিস ঈদের ছুটি হলে তখন আমি বাড়ি যাব।’ এভাবেই বুড়িগঙ্গার বুকে লঞ্চের ডেকে প্রতিদিন ইফতার করেন দূরের যাত্রীরা।