লঞ্চের ধাক্কায় ট্রলারডুবি, নিহত ১
পটুয়াখালীর লোহালিয়া নদীতে এমভি ঈগল-৩ নামের একটি লঞ্চের ধাক্কায় জ্বালানি কাঠবোঝাই একটি ইঞ্জিনচালিত ট্রলার ডুবে গেছে। পরে একজনের লাশ পাওয়া যায়। গতকাল শনিবার ভোররাতে এ ঘটনা ঘটে।
নিহত জামাল গাজী (৩০) পেশায় কাঠ ব্যবসায়ী। তাঁর বাড়ি পটুয়াখালীর গলাচিপা উপজেলার চিকনিকান্দি ইউনিয়নের সুতাবাড়িয়া গ্রামে।
হাসপাতালে চিকিৎসাধীন আহত ব্যক্তি ও স্থানীয় সূত্রে জানা যায়, তিনজন কাঠ ব্যবসায়ী গ্রাম থেকে এক হাজার মণ কাঠ কিনে বিক্রির উদ্দেশ্যে ট্রলারে করে পটুয়াখালী নিয়ে আসেন। গত শুক্রবার দিনভর লোহালিয়া নদীর পাড়ে একটি ইটভাটায় প্রায় ৫০০ মণ কাঠ তোলা হয়। ভাটার পাশে ট্রলারটি নোঙর করে রাতে সেখানে তিনজন ঘুমিয়ে পড়েন। এদিকে ঢাকা থেকে পটুয়াখালীর উদ্দেশে ছেড়ে আসা এমভি ঈগল-৩ নামের লঞ্চটি শনিবার ভোররাত চারটার দিকে লোহালিয়া নদী পার হওয়ার সময় ট্রলারটিকে ধাক্কা দেয়। এতে ওই তিনজনসহ ট্রলারটি ডুবে যায়।
এ সময় ইটভাটার লোকজনের চিৎকারে লঞ্চটি গতি কমিয়ে দিয়ে লোকজনসহ উদ্ধারে নামে। স্থানীয় ও লঞ্চের লোকজন নদী থেকে আহত মিরাজ গাজীকে (৩০) উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এবং ফখরুল খানকে (২৫) পটুয়াখালীর ২৫০ শয্যার হাসপাতালে ভর্তি করেন। আর নিখোঁজ জামালের লাশ সকাল নয়টার দিকে ডুবে যাওয়া ট্রলারের অংশ থেকে উদ্ধার করা হয়।
এমভি ঈগল-৩ লঞ্চটির কর্মকর্তা-কর্মচারীরা সটকে পড়ায় তাঁদের সঙ্গে কথা বলা যায়নি। পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম তারিকুল ইসলাম বলেন, জামালের লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আর লঞ্চটি জব্দ করা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।