লঞ্চের মালিক মুন্সিগঞ্জ বিএনপির নেতা
ডুবে যাওয়া পিনাক-৬ লঞ্চের মালিক মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার আবু বক্কর সিদ্দিক ওরফে কালু। তিনি উপজেলার দক্ষিণ মেদেনীমণ্ডল ইউনিয়ন বিএনপির নেতা।
লঞ্চ ব্যবসা ছাড়াও আবু বক্কর ঢাকা-মাওয়া রুটে ইলিশ পরিবহনেরও একজন অন্যতম মালিক। ইলিশ পরিবহনের আরেকজন মালিক দক্ষিণ মেদেনীমণ্ডল ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি আলী আকবর। ঢাকা-মাওয়া রুটে ইলিশ পরিবহনের সবচেয়ে বড় কোম্পানি।
মেদেনীমণ্ডল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বিএনপির সভাপতি আবদুল কাদির প্রথম আলোকে জানান, আবু বক্কর সিদ্দিক মেদেনীমণ্ডল ইউনিয়ন বিএনপির সহসভাপতি এবং একই সঙ্গে ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সভাপতি পদের দায়িত্ব পালন করছেন।
লঞ্চডুবির বিষয়ে কথা বলার জন্য আবু বক্করের মুঠোফোনে বারবার চেষ্টা করলেও ফোনটি বন্ধ পাওয়া যায়। তিনি গা ঢাকা দিয়েছেন।
জানতে চাইলে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলী আকবর বলেন, ‘আবু বক্কর ভিন্ন দল করলেও ইলিশ পরিবহনে আমরা একসঙ্গে ব্যবসা করি।’
ক্ষতিপূরণ: লঞ্চ দুর্ঘটনায় নিহত প্রত্যেকের পরিবারকে মুন্সিগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে ২০ হাজার টাকা দেওয়া হবে। আর নৌপরিবহন মন্ত্রণালয় থেকে দেওয়া হবে এক লাখ পাঁচ হাজার টাকা করে। এই তথ্য জানিয়ে নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেন, জেলা প্রশাসন ২০ হাজার টাকা সঙ্গে সঙ্গে দেবে। পরে সরকারি তালিকা মোতাবেক এক লাখ পাঁচ হাজার টাকা করে দেবে নৌ মন্ত্রণালয়।
মুন্সিগঞ্জের জেলা প্রশাসক মো. সাইফুল হাসান জানান, যে দুজনের লাশ পাওয়া গেছে, তাঁদের মধ্যে একজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। লাশ পরিবারের কাছে হস্তান্তর করার সময় ২০ হাজার টাকা দেওয়া হয়েছে।