লঞ্চের যাত্রী ধারণক্ষমতা ঠিক করবে মালিক না সরকার?

সরকার লঞ্চের যাত্রীসংখ্যা ধারণক্ষমতার অনেক কম দেখায়—এমন অজুহাত তুলে লঞ্চের মালিকেরা এবার ঈদে ভাড়া কমাতে রাজি নন। মালিকদের দাবি, কেবল ঈদে নয়, বছরের যেকোনো সময় তাঁরা লঞ্চে বাড়তি যাত্রী বহন করেন না। মালিকদের নিজেদেরই একটা হিসাব আছে।
ঈদ উপলক্ষে লঞ্চে যাত্রী বহন ও নিরাপত্তা বিষয়ে গত সোমবার প্রস্তুতি সভায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ভাড়া কমানোর প্রস্তাব দিয়েছিল। তাদের যুক্তি, ঈদে যাত্রীসংকট থাকে না। তাই ভাড়া কমানো যৌক্তিক। গত ঈদেও ভাড়া কমানো হয়েছিল। এ ছাড়া বাড়তি যাত্রী বহন লঞ্চ দুর্ঘটনার অন্যতম কারণ উল্লেখ করে ধারণক্ষমতারবেশি যাত্রী নিলে এবার কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে সভায় জানানো হয়।
তবে লঞ্চমালিকদের সংগঠন অভ্যন্তরীণ নৌ-চলাচল (যাত্রী পরিবহন) সংস্থার চেয়ারম্যান মাহবুব উদ্দিন আহমদ প্রথম আলোকে বলেন, অতিরিক্ত যাত্রী মালিকেরা কখনোই বহন করেন না। সরকার লঞ্চের নিবন্ধন ও জরিপ কাগজে যে যাত্রীসংখ্যা লিখে দেয়, সেটাই আসল ধারণক্ষমতা নয়। তিনি বলেন, ‘আমাদের নিজের জাহাজকে ডুবিয়ে দেওয়ার জন্য আমরা কি অতিরিক্ত যাত্রী নেব? আমার জাহাজের দাম ১০ কোটি টাকা। অতিরিক্ত যাত্রী নিলে হয়তো এক লাখ টাকা বেশি পাওয়া যাবে। এ জন্য আমি জাহাজকে ডুবিয়ে দেব কেন?’
ঢাকা-চাঁদপুর রুটে মাহবুব উদ্দিন আহমদের (বীর বিক্রম) মালিকানাধীন লঞ্চ ‘এমভি সোনারতরী’। এ ছাড়া তিনি ‘আসা যাওয়া’ নামের অপর একটি লঞ্চ কিনেছেন। এখনো নাম পরিবর্তন করেননি। তিনি দাবি করেছেন, তাঁর মালিকানাধীন ২২৫ ফুট দৈর্ঘ্যের সোনারতরীতে সরকারনির্ধারিত যাত্রীর চেয়ে কয়েক গুণ বেশি যাত্রী বহনও সম্ভব।
তবে লঞ্চের যাত্রীসংখ্যা নির্ধারণ করার কর্তৃপক্ষ সমুদ্র পরিবহন অধিদপ্তর বলছে, অভ্যন্তরীণ জাহাজ যাত্রী বিধিমালা, ২০০১ অনুযায়ী বিভিন্ন লঞ্চের যাত্রীসংখ্যা নির্ধারণ করা হয়। প্রধান প্রকৌশলী এ কে এম ফখরুল ইসলাম গতকাল মঙ্গলবার প্রথম আলোকে বলেন, বিধিমালার আলোকে লঞ্চে প্রত্যেক যাত্রীর জন্য বরাদ্দ জায়গা দিনের বেলায় ১ দশমিক ২৫ বর্গমিটার এবং রাতে ২ দশমিক ২৫ বর্গমিটার। যাত্রীদের নিরাপত্তার কারণেই এই বিধিমালা প্রণীত হয়েছে।
বেসরকারি সংগঠন নৌ, সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটির আহ্বায়ক আশীষ কুমার দে প্রথম আলোকে বলেন, বিশেষ করে ঈদ মৌসুমে এক হাজার ধারণক্ষমতার লঞ্চে দুই থেকে আড়াই হাজার যাত্রী নেওয়া হয়। তাই অতিরিক্ত যাত্রী নেওয়া হয় না, এটা অসত্য কথা।
গত ৪ আগস্ট এমএল পিনাক-৬ প্রায় ৩০০ যাত্রী নিয়ে মাদারীপুরের কাওড়াকান্দি ঘাট থেকে মুন্সিগঞ্জের মাওয়া আসার পথে মাঝ নদীতে ডুবে যায়। লঞ্চটির যাত্রী ধারণক্ষমতা ৮৫ জন হলেও কয়েক গুণ বেশি যাত্রী বহন করা হয়। এতে নিহত ও নিখোঁজ হয় শিশুসহ ১০৮ জন। বাকিদের উদ্ধার করা হয়।
পিনাক-৬ দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে অতিরিক্ত যাত্রী বহনকে দায়ী করেছে তদন্ত কমিটি। এ বিষয়টি মনে করিয়ে দিলে মাহবুব উদ্দিন বলেন, ‘ঈদের আগে ও পরে লঞ্চে যেসব যাত্রী ওঠে, তাদের নিয়ন্ত্রণ করার ক্ষমতা পুলিশ, র্যাব, কোস্ট গার্ড কিংবা মালিক—কারোরই নেই। কারণ, যাত্রীদের গন্তব্যে যেতেই হবে। এটা একটা রেওয়াজ।’
চেয়ারম্যান বলেন, ‘আমরা যাত্রীদের বলি, আপনারা নিজের জীবন রক্ষা করুন, ছাদে উঠবেন না।’ লঞ্চের কর্মচারীরা এতে সাহায্য করে না বলেও তিনি দাবি করেন। তিনি বলেন, সমুদ্র পরিবহন অধিদপ্তর কর্তৃপক্ষ জরিপ করুক আর যা-ই করুক, আসল কথাটি হলো, কয়জন যাত্রী উঠলে লঞ্চ ভারসাম্যহীন হবে না, তা দেখতে হবে। মালিকদের নিজেদেরই একটা হিসাব আছে। দেখতে হবে কতটুকু জায়গা আছে, তাতে কতজন লোক ধারণ করতে পারে। প্রধান ডেকের নিচে ও তলার ডেকের নিচে কার্গো লঞ্চের মতো মালপত্র নিলে তার কতখানি ওজন হবে, সেখানে যদি এক শ টন মাল নেওয়া যায়, তাহলে এক হাজার যাত্রী নেওয়া সম্ভব। এই এক হাজার লোক পুরো জাহাজে ভরে দিলেও ভারসাম্য কমবে না।
এ প্রসঙ্গে সমুদ্র পরিবহন অধিদপ্তরের প্রধান প্রকৌশলী বলেন, লঞ্চের যে অংশ পানির নিচে থাকে, সেখানে কোনো যাত্রী বহন করা যায় না।
মালিক সমিতির চেয়ারম্যান বলেন, অতিরিক্ত যাত্রী বলে যা বলা হয়, সে জন্য কখনো লঞ্চ ডোবে না। ডোবে প্রাকৃতিক দুর্যোগের সময়ে যে মাস্টার লঞ্চ চালাবেন, তিনি যদি অদক্ষ হন, তবে মাস্টার চালকেরও সব সময় দোষ দেওয়া যায় না। কারণ, বিআইডব্লিউটিএ যদি নদীর পানির গভীরতা নিয়ে মাস্টারকে বিভ্রান্ত করে, ভুল হবেই। কর্তৃপক্ষের খননকাজের সঠিক রিপোর্ট থাকে না।
এদিকে লঞ্চমালিকদের অপর সংগঠন বাংলাদেশ লঞ্চমালিক সমিতির সহসভাপতি এমভি পারাবতের মালিক শহীদুল ইসলাম ভূঁইয়া বলেন, পারাবত-৯ আড়াই শ ফুট দৈর্ঘ্যের, সরকার ওই লঞ্চের যাত্রীসংখ্যা নির্ধারণ করেছে এক হাজার ১০০, নেওয়া যায় কমপক্ষে দেড় হাজার। তিনি বলেন, ‘ঈদের সময়ে সৃষ্টিকর্তা ছাড়া কারও পক্ষে অতিরিক্ত যাত্রী ঠেকানো সম্ভব নয়।’
অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান শামসুজ্জোহা খন্দকার বলেন, এবার অতিরিক্ত যাত্রী নেওয়া হচ্ছে কি না, তা হেলিকপ্টারের সাহায্যে পর্যবেক্ষণ করা হবে।
দুটি লঞ্চমালিক সমিতিই ভাড়া কমাবে না বলে জানিয়েছে। ঈদে লঞ্চের কেবিনের ভাড়া দ্বিগুণ, তিন গুণ নেওয়ার অভিযোগের বিষয়ে মাহবুব উদ্দিন বলেন, ‘আমাদের কোনো কর্মচারী অতিরিক্ত দামে টিকিট বিক্রি করেছে—এমন অভিযোগ সত্য নয়। কেউ অভিযোগ করে প্রমাণ দিতে না পারলে তাকে নদীতে ফেলে দেব। প্রমাণ করতে পারলে আমার নাম বদলে দেবেন।’
সংশ্লিষ্ট সূত্র বলছে, লঞ্চভাড়া নির্ধারণের ক্ষমতা বিআইডব্লিউটিএর। তবে এ ক্ষেত্রে অতীতে মালিক ও সরকারপক্ষের মধ্যে আলোচনার ভিত্তিতে ভাড়া কমানো হয়েছিল।