লঞ্চের সঙ্গে ধাক্কা তলিয়ে গেছে বালুবাহী নৌযান
কেরানীগঞ্জের শ্যামপুরে গতকাল বুধবার সন্ধ্যায় একটি বালুবাহী নৌযানের (বাল্কহেড) সঙ্গে যাত্রীবাহী লঞ্চের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে নৌযানটি ডুবে গেছে এবং লঞ্চের ডেক ফেটে গেছে। তবে এতে প্রাণহানির কোনো ঘটনা ঘটেনি।জানা গেছে, সন্ধ্যায় সদরঘাট থেকে এমভি দ্বীপরাজ-২ নামের দোতলা লঞ্চটি ছেড়ে যায়। সাড়ে সাতটার দিকে সেটি শ্যামপুর বাজার এলাকায় আসে। এ সময় বিপরীত দিক থেকে আসা বালুবাহী নৌযানের সঙ্গে লঞ্চটির সংঘর্ষ হয়। এতে নৌযান ডুবে যায় এবং লঞ্চের ডেকের অংশ ফেটে যায়।লঞ্চের কেরানি রতন মিয়া গতকাল প্রথম আলোকে বলেন, সংঘর্ষের সময় লঞ্চের কয়েকজন যাত্রী পানিতে পড়ে যান। পরে তাঁরা সাঁতরে তীরে ওঠেন। ডেক ফেটে লঞ্চে পানি উঠতে দেখে যাত্রীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। পরে লঞ্চ শ্যামপুর ঘাটে ভেড়ানো হয়।দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি সাখাওয়াত হোসেন বলেন, নৌযানে সাতজন কর্মী ছিলেন। তাঁরা সাঁতরে তীরে উঠে পালিয়ে গেছেন। গতকাল রাত ১২টা পর্যন্ত ডুবে যাওয়া নৌযানটি উদ্ধার করা সম্ভব হয়নি।