লঞ্চের সঙ্গে সংঘর্ষে গরুসহ ট্রলারডুবি
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাটের কাছে পদ্মা নদীতে গতকাল বুধবার লঞ্চের সঙ্গে সংঘর্ষের পর একটি গরুবাহী ট্রলার ডুবে গেছে। ট্রলারে থাকা মাঝি, ব্যাপারীসহ ১৪ জনের সবাইকে উদ্ধার করা হয়েছে। তবে ২৮টি গরু ও ট্রালারটি নিখোঁজ রয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী কয়েকজন বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে শিমুলিয়া ঘাট থেকে লঞ্চ ঐশী খান যাত্রী নিয়ে কাওড়াকান্দির দিকে রওনা হয়। এ সময় সিরাজগঞ্জের চৌহালী থেকে ৩৫টি গরু নিয়ে ব্যাপারীরা নারায়ণগঞ্জের ফতুল্লা গরুর হাটে যাচ্ছিলেন। পথে শিমুলিয়া ঘাটের কাছে লঞ্চ ও ট্রলারের সংঘর্ষ হলে গরুর ট্রলারটি ডুবে যায়। খবর পেয়ে শিমুলিয়া ঘাট থেকে ট্রলার ও স্পিডবোট গিয়ে ট্রলারের মাঝি ও গরুর ব্যাপারীদের উদ্ধার করে। সাতটি গরুর গলার বাঁধন কেটে দিলে ওই গরুগুলো উদ্ধার করা সম্ভব হয়। ট্রলারসহ বাকি ২৮টি গরু নিখোঁজ আছে।
ট্রলারে থাকা ছয়জন গরুর ব্যাপারীর পরিচয় জানা গেছে। তাঁরা হলেন আইয়ুব আলী, রহিম, বারেক বেপারি, আবদুস সালাম, নুর মোহাম্মদ মুন্সী, আবদুর রশীদ। তাঁদের সবার বাড়ি সিরাজগঞ্জের চৌহালীতে। বারেক বেপারি বলেন, ৩৫টি গরুর মধ্যে তারই ৩০টি। তাঁদের ট্রলারটি ঠিকমতো যাচ্ছিল। লঞ্চটি এসে তাঁদের ট্রলারটিকে ধাক্কা দিয়ে ডুবিয়ে দিয়েছে।
এ ব্যাপারে শিমুলিয়া-কাওড়াকান্দি নৌপথের লঞ্চমালিক সমিতির সদস্য মো. ইমরান খান বলেন, গরুর ট্রলারটি এসে লঞ্চের সঙ্গে ধাক্কা খায়। খবর পেয়ে গরু ও ব্যাপারীদের উদ্ধারে ঘাট থেকে স্পিডবোট ও ট্রলার পাঠানো হয়।
মাওয়া পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (বর্তমানে শিমুলিয়া ঘাটের দায়িত্বে আছেন) উপপরিদর্শক মোশারফ হোসেন বলেন, ট্রলারে থাকা ১৪ জনকেই উদ্ধার করা হয়েছে।
লৌহজং থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা জাকির হোসেন বলেন, এ ঘটনায় থানায় মামলা হবে।