লঞ্চের সন্ধানে ৬ দিন, ৪১ লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদ্মা নদীতে ডুবে যাওয়ার পর ষষ্ঠ দিনেও এমএল পিনাক-৬ লঞ্চটির সন্ধান মেলেনি।

আজ শনিবার সকাল থেকে আবারও উদ্ধার অভিযান শুরু করেছে উদ্ধারকারী জাহাজ জরিপ-১০ ও কান্ডারি-২।

এদিকে আজ সকালে ভোলায় নদী থেকে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। তিন শতাধিক যাত্রী নিয়ে গত সোমবার মুন্সিগঞ্জের মাওয়া ঘাটের অদূরে পদ্মা নদীতে লঞ্চডুবির পর বিভিন্ন স্থান থেকে এখন পর্যন্ত ৪১টি লাশ উদ্ধার করা হলো। এ ঘটনায় এখনো শতাধিক যাত্রী নিখোঁজ রয়েছে।

লঞ্চ উদ্ধারের কাজে নিযুক্ত কর্মকর্তারা বলেন, গতকাল শুক্রবার রাতে বৃষ্টি হওয়ায় উদ্ধারকাজ কিছুটা বিঘ্নিত হয়। তবে আজ সকাল থেকে আবার উদ্ধার অভিযান শুরু হয়েছে।

অনুসন্ধানকাজে নিযুক্ত কর্মকর্তারা বলেন, জরিপ-১০ ও কান্ডারি-২ মাটির নিচে ১৮ থেকে ৭০ ফুট পর্যন্ত শনাক্ত করতে পারে।

অনুসন্ধানে নৌবাহিনী অংশের সার্বিক তদারকির দায়িত্বে থাকা ক্যাপ্টেন নজরুল ইসলাম গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, ইতিমধ্যে ৫০ কিলোমিটারজুড়ে অনুসন্ধানকাজ শেষ হয়েছে। এর মধ্যে কোথাও লঞ্চটির সন্ধান পাওয়া যায়নি। এখন আবার এলাকা বৃদ্ধি করা হয়েছে। নদীর মাঝ দিয়ে ভাটির দিকে ১৫ থেকে ১৭ কিলোমিটার পর্যন্ত তল্লাশি করা হবে।

ওই পরিকল্পনা মতোই আজ সকাল থেকে উদ্ধার অভিযান চালানো হচ্ছে বলে কর্মকর্তারা জানান।