লঞ্চের সন্ধানে ৬ দিন, ৪২ লাশ উদ্ধার
পদ্মা নদীতে ডুবে যাওয়ার পর ষষ্ঠ দিনেও এমএল পিনাক-৬ লঞ্চটির সন্ধান মেলেনি। আজ শনিবার সকাল থেকে আবারও উদ্ধার অভিযান শুরু করেছে উদ্ধারকারী জাহাজ জরিপ-১০ ও কান্ডারি-২।
আজ সকালে নোয়াখালীর হাতিয়ায় নদী থেকে একজনের লাশ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া গতকাল শুক্রবার ভোলায় উদ্ধার হওয়া এক শিশুর লাশ আজ সকালে পাঁচ্চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পৌঁছেছে। তিন শতাধিক যাত্রী নিয়ে গত সোমবার মুন্সিগঞ্জের মাওয়া ঘাটের অদূরে পদ্মা নদীতে লঞ্চডুবির পর বিভিন্ন স্থান থেকে এখন পর্যন্ত ৪২টি লাশ উদ্ধার করা হলো। এ ঘটনায় এখনো শতাধিক যাত্রী নিখোঁজ রয়েছেন।
হাতিয়ায় একজনের লাশ
আজ সকালে নোয়াখালীর হাতিয়া উপজেলার চেয়ারম্যান ঘাট এলাকা থেকে আহম্মদ খান (৪২) নামের একজনের লাশ উদ্ধার করা হয়েছে। তিনি পিনাক-৬ লঞ্চের হতভাগ্য যাত্রী ছিলেন। তিনি ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার ভাদ্রকান্দা গ্রামের ইব্রাহিম খানের ছেলে। তাঁর কাছে থাকা জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে পরিচয় নিশ্চিত করেছে পুলিশ।
পুলিশ জানায়, লাশের সঙ্গে জাতীয় পরিচয়পত্র ছাড়াও বেশ কিছু টাকা, জমির কাগজপত্র ও সৌদি আরবের দাম্মাম শহরের একটি প্রতিষ্ঠানের পরিচয়পত্রও পাওয়া গেছে।
চেয়ারম্যান ঘাট পুলিশ তদন্তকেন্দ্রের উপপরিদর্শক (এসআই) মো. ইউসুফ প্রথম আলোকে বলেন, সকাল ১০টার দিকে স্থানীয় বাসিন্দারা চেয়ারম্যান ঘাটের পাশের মেঘনার চতলার ঘাটে নদীর তীরে লাশটি পড়ে থাকতে দেখে তদন্তকেন্দ্রে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। আহম্মদ খানের বাবা ইব্রাহিম খান ছেলের পরিচয় নিশ্চিত করেছেন।
ভোলায় উদ্ধার শিশুর লাশ পাঁচ্চরে
গতকাল ভোলায় উদ্ধার হওয়া একটি শিশুর লাশ আজ সকালে পাঁচ্চর স্কুলে (লাশ রাখার নির্ধারিত স্থান) পৌঁছেছে। মাওয়া ঘাটে স্থাপিত জেলা প্রশাসনের নিয়ন্ত্রণকক্ষ সূত্রে এ তথ্য জানা গেছে।
ভোলার দৌলতখানের সৈয়দপুর ইউনিয়নের সরকারি পুকুরপাড় মেঘনা নদী শিশুটির লাশ উদ্ধার করা হয়। তার পরনে নীল জিনসের প্যান্ট ও নীল গেঞ্জি ছিল।
উদ্ধারকাজ চলছে
এ দিকে লঞ্চ উদ্ধারের কাজে নিযুক্ত কর্মকর্তারা জানান, গতকাল রাতে বৃষ্টি হওয়ায় উদ্ধারকাজ কিছুটা বিঘ্নিত হয়। তবে আজ সকাল থেকে আবার উদ্ধার অভিযান শুরু হয়েছে। জরিপ-১০ ও কান্ডারি-২ জাহাজ দুটি উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে। এ দুটি জাহাজ মাটির নিচে ১৮ থেকে ৭০ ফুট পর্যন্ত শনাক্ত করতে পারে জানান তাঁরা।
অনুসন্ধানে নৌবাহিনী অংশের সার্বিক তদারকির দায়িত্বে থাকা ক্যাপ্টেন নজরুল ইসলাম গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, ইতিমধ্যে ৫০ কিলোমিটারজুড়ে অনুসন্ধানকাজ শেষ হয়েছে। এর মধ্যে কোথাও লঞ্চটির সন্ধান পাওয়া যায়নি। এখন আবার এলাকা বৃদ্ধি করা হয়েছে। নদীর মাঝ দিয়ে ভাটির দিকে ১৫ থেকে ১৭ কিলোমিটার পর্যন্ত তল্লাশি করা হবে।
ওই পরিকল্পনা মতোই আজ সকাল থেকে উদ্ধার অভিযান চালানো হচ্ছে বলে কর্মকর্তারা জানান।
(প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন তানভীর হাসান, মুন্সিগঞ্জ; মাহবুবুর রহমান, নোয়াখালী এবং নেয়ামত উল্যাহ, ভোলা)