লটারি করে ভিজিডি কার্ড বিতরণ
অনিয়ম-দুর্নীতি ঠেকাতে রংপুরের তারাগঞ্জ উপজেলার আলমপুর ইউনিয়নে এবার লটারির মাধ্যমে দুস্থদের মাঝে ভিজিডি কার্ড বিতরণ করা হয়েছে।
গতকাল সোমবার উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান ও নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম মওলার উপস্থিতিতে লটারি করা হয়। পরে লটারিতে বিজয়ী দুস্থ ব্যক্তিদের মাঝে ওই কার্ড বিতরণ করা হয়।
উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা মাহমুদা বেগম জানান, তারাগঞ্জের পাঁচটি ইউনিয়নের জন্য দুই হাজার ৭৮৩টি ভিজিডি কার্ড বরাদ্দ দেওয়া হয়। প্রতি কার্ডধারীকে সরকার প্রতি মাসে ৩০ কেজি করে খাদ্যশস্য দেবে। দুস্থদের বাছাই করে ওই কার্ড বিতরণের জন্য ১৩ অক্টোবর উপজেলা পরিষদের হলরুমে ভিজিডি কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ইউএনওর পরামর্শে লটারির মাধ্যমে কার্ড বিতরণ করার সিদ্ধান্ত নেওয়া হয়।
উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান বলেন, ‘দীর্ঘদিন ধরে এ কার্ড বিতরণে অনিয়ম, দুর্নীতি হচ্ছিল। টাকার বিনিময়ে কার্ড দেওয়া হতো। তাই অনিয়ম, দুর্নীতি ঠেকাতে লটারির মাধ্যমে কার্ড বিতরণ করার পরামর্শ দিই।’ ইউএনও গোলাম মওলা বলেন, অনিয়ম ঠেকাতে ২২ নভেম্বরের মধ্যে কুর্শা, ইকরচালী, হাড়িয়ারকুঠি এবং সয়ার ইউনিয়নেও ভিজিডির বরাদ্দ করা কার্ড লটারির মাধ্যমে বিতরণ করা হবে।
কার্ড পাওয়া শেরমস্ত গ্রামের আফরোজা বেগম বলেন, ‘তিন বছর আগোত দুই ছাওয়াসহ স্বামী মোক তালাক দেছে। তখন থাইকা মাইনষের বাড়িত কাম করি ছাওয়ার ঘরোক খাওয়া। ঘুষ দিবার না পাওয়া এত দিন কার্ড পাইনি। এইবার পানু।’
আলমপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল মান্নান বলেন, ২০ অক্টোবর ইউনিয়নের গ্রামে গ্রামে মাইকিং করে ইউনিয়ন পরিষদ থেকে ফরম নিয়ে তা পূরণ করে পরিষদের সচিবের কাছে জমা দিতে বলা হয়। প্রতিটি ওয়ার্ডের স্কুল মাঠে সভা করে সবার উপস্থিতিতে ওই আবেদনপত্র যাচাই-বাছাই করে প্রকৃত দুস্থদের তালিকা করা হয়। শনিবার পুনরায় গ্রামে গ্রামে মাইকিং করে তালিকাভুক্ত দুস্থ নারীদের সোমবার ইউপি কার্যালয়ে সকাল আটটার মধ্যে আসতে বলা হয়। পরে সবার উপস্থিতিতে উন্মুক্তভাবে লটারি করে ভিজিডির কার্ড বিতরণ করা হয়।
ইকরচালী ইউপি চেয়ারম্যান মোবারক হোসেন বলেন, ‘ভিজিডির কার্ড বিতরণ করার সময় তদবির আসে, দলীয় লোকজনও ভাগ চায়। তাই আমরা (পাঁচটি ইউপির চেয়ারম্যান) লটারির মাধ্যামে কার্ড বিতরণের সিদ্ধান্তে রাজি হই।’