লটারি ছাড়াই দুই কোটি টাকার কাজ ভাগাভাগি
বগুড়ায় বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) দুই কোটি আট লাখ টাকার উন্নয়নকাজ লটারি ছাড়াই বরাদ্দ করা হয়েছে। বগুড়া সদর উপজেলা প্রকৌশলীর সঙ্গে যোগসাজশ করে আওয়ামী লীগ ও বিএনপির নেতারা ওই কাজ ভাগাভাগি করে নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
জেলা বিএনপির সহসভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী আজগর ওরফে হেনা, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সুফিয়ানসহ সদর ইউনিয়নের দুই দলের নেতারা এ কাজে নেতৃত্ব দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
বিএনপির নেতা আলী আজগর দরপত্র ভাগাভাগির অভিযোগ অস্বীকার করে বলেন, ‘লটারির সময় উপস্থিত ছিলাম না। তবে উপজেলা প্রকৌশলীর কাছ থেকে যত দূর জেনেছি, ঠিকাদারদের উপস্থিতিতেই লটারি হয়েছে। লটারিতে হেরে কাজ না পেয়ে কিছু ঠিকাদার কাজ ভাগাভাগির এমন অভিযোগ করছেন। এর সঙ্গে রাজনৈতিক দলের কোনো সংশ্লিষ্টতা নেই।’
সদর উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা গেছে, শিক্ষাপ্রতিষ্ঠান, রাস্তা, সেতুসহ বিভিন্ন উন্নয়নকাজ বাস্তবায়নের জন্য ২০১৩-২০১৪ অর্থবছরে উপজেলা পরিষদের বার্ষিক উন্নয়ন কর্মসূচির তহবিল থেকে দুই কোটি আট লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। এসব কাজ বাস্তবায়ন করতে উপজেলা প্রকৌশলীর কার্যালয় থেকে ২৬টি গ্রুপে সম্প্রতি দরপত্র আহ্বান করা হয়। গত ২৩ ডিসেম্বর দরপত্র বিক্রি এবং ২৪ ডিসেম্বর তা দাখিলের দিন ধার্য করা হয়েছিল। একেকটি গ্রুপে গড়ে শতাধিক দরপত্র জমা পড়ে।
একাধিক ঠিকাদার অভিযোগ করেন, ১২ জানুয়ারি বেলা ১১টায় দরপত্রের লটারি অনুষ্ঠিত হওয়ার কথা জানানো হয়। সে অনুযায়ী ঠিকাদারেরা নির্ধারিত সময়ের আগেই উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে উপস্থিত হন। কিন্তু উপজেলা প্রকৌশলী লটারি না করেই ঘোষণা দেন যে লটারি হয়ে গেছে। এতে সাধারণ ঠিকাদারেরা ক্ষুব্ধ হয়ে উপজেলা প্রকৌশলীকে তাঁর কার্যালয়ে অবরুদ্ধ করে রাখেন।
ঠিকাদার আজিজুল হক জানান, কাজ ভাগাভাগি হয়ে যাওয়ায় একেকজন ঠিকাদারের দরপত্র কেনা বাবদ ১০ থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত ক্ষতি হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন ঠিকাদার অভিযোগ করেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা প্রকৌশলীকে অর্থের প্রলোভন দেখিয়ে এ কাজ ভাগাভাগি করে নিয়েছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং বিএনপি ও আওয়ামী লীগ-সমর্থিত বেশ কয়েকজন ঠিকাদার।
সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সুফিয়ান শফিক দাবি করেন, সবার উপস্থিতিতেই লটারি হয়েছে। কেউ কাজ ভাগাভাগি করে নেননি। সদর উপজেলা প্রকৌশলী দেলোয়ার হোসেন বলেন, নির্ধারিত সময়েই লটারি হয়েছে। অনেকেই পরে এসে হট্টগোল করেছেন। কাউকে কাজ ভাগাভাগি করে দেওয়া হয়নি।
ইউএনও আবদুর রহিম বলেন, ‘যে সময়ে লটারি হওয়ার কথা, সে সময় আমি একটি সভায় যোগ দিতে কার্যালয়ের বাইরে ছিলাম। লটারিতে কোনো অনিয়ম হয়ে থাকলে তা খতিয়ে দেখা হবে।’