লটারি না হওয়ায় বাঁশ-চেয়ার-টিন নিয়ে গেল দর্শকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টিকিটে লেখা ছিল কনসার্ট শেষে লটারি হবে। পুরস্কার হিসেবে মোটরসাইকেলসহ আরও অনেক জিনিসের নাম ছিল। কিন্তু কনসার্ট শেষে লটারি না করে আয়োজকেরা কেটে পড়েন। এতে ক্ষুব্ধ দর্শকেরা মঞ্চ ও প্যান্ডেল ভেঙে নিয়ে চলে যায়। কনসার্টটির উদ্বোধন করেছিলেন রাজশাহীর পুঠিয়া-দুর্গাপুরের সাংসদ আবদুল ওয়াদুদ। গত রোববার দিবাগত রাতে রাজশাহীর দুর্গাপুর উপজেলায় এ ঘটনা ঘটে। স্থানীয় আওয়ামী লীগের কয়েকজন নেতা-কর্মী এ কনসার্টের আয়োজক ছিলেন বলে জানা গেছে। দুর্গাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবদুল কাদের মণ্ডল বলেন, যাঁরা টিকিট বিক্রি করেছিলেন, তাঁরা টাকাও জমা দেননি, টিকিটের মুড়িও জমা দেননি। এ জন্য লটারি করা সম্ভব হয়নি। এতে দর্শকেরা ক্ষুব্ধ হয়ে বাঁশ, চেয়ার, টিন, টেবিল নিয়ে গেছে। আয়োজক স্থানীয় আওয়ামী লীগের ইব্রাহিম মণ্ডলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।