লটারি বাণিজ্য বন্ধ ফ্যাশন কার্নিভ্যালের এমডি এখনো গ্রেপ্তার হননি
অবশেষে আদালতের নির্দেশে নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া বাইপাস মোড়ের হস্তশিল্প মেলায় অবৈধ লটারি বাণিজ্য বন্ধ হয়েছে। তবে গতকাল বুধবার বিকেল পর্যন্ত ফ্যাশন কার্নিভ্যালের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সেলিম রেজাকে পুলিশ গ্রেপ্তার করতে পারেনি। বড়াইগ্রাম আমলি আদালত গত মঙ্গলবার লটারি বন্ধের নির্দেশ দেন ও এমডির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
বড়াইগ্রাম থানা-পুলিশ সূত্রে জানা যায়, বড়াইগ্রাম আমলি আদালতের লটারি বন্ধের নির্দেশনা মোতাবেক পুলিশ গতকাল সকাল থেকে ফ্যাশন কার্নিভ্যালের ব্যবস্থাপনায় লটারির টিকিট বিক্রি বন্ধ করে দেয়। লটারির টিকিট ড্র করার সরঞ্জামাদি ভেঙে ফেলে। একই সঙ্গে টিকিট বিক্রির কাজে ব্যবহৃত শতাধিক ব্যাটারিচালিত অটোভ্যান জব্দ করার চেষ্টা করে। তবে পত্রিকায় খবর পড়ে এসব ভ্যানের চালকেরা সতর্ক হয়ে যান ও টিকিট বিক্রির সরঞ্জামাদি খুলে ফেলেন। ফলে গতকাল জেলার কোথাও তাঁদের দেখা পাওয়া যায়নি। এ ঘটনায় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
এ ব্যাপারে বড়াইগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) এমরান হোসেন বলেন, আদালতের গ্রেপ্তারি পরোয়ানার পর এমডি সেলিম রেজাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তবে তাঁকে এলাকায় পাওয়া যাচ্ছে না।
প্রসঙ্গত, প্রায় তিন মাস ধরে বনপাড়া বাইপাস মোড়ে হস্তশিল্প মেলার ব্যানারে লাখ লাখ টাকার লটারির টিকিট বিক্রি ও ড্র অনুষ্ঠিত হচ্ছিল। এতে শিশু-কিশোরেরাও আসক্ত হয়ে পড়েছিল। কিন্তু স্থানীয় প্রশাসন এর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছিল না। এ ব্যাপারে ৫ মার্চ প্রথম আলোতে ‘হস্তশিল্প মেলায় লটারি বাণিজ্য, প্রশাসন নীরব’ শিরোনামে খবর প্রকাশিত হয়। এই খবর উদ্ধৃত করে জেলা আইনজীবী সমিতির আইনজীবী আমেল খান চৌধুরী গত মঙ্গলবার এমডি সেলিম রেজার বিরুদ্ধে মামলা করেন। আদালতের বিচারক মো. মনিরুজ্জামান আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার নির্দেশ দেন।