লটারিতে কাজ না পেয়ে সিএস কপি ছিঁড়লেন যুবলীগের নেতারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের আদিতমারী উপজেলা যুবলীগের নেতারা লটারিতে দরপত্রের কাজ না পাওয়ায় ক্ষিপ্ত হয়ে তুলনামূলক বিবরণীর (সিএস) কপি ছিঁড়ে ফেলেছেন। উপজেলা পরিষদে গতকাল বৃহস্পতিবার এ ঘটনা ঘটে।উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্র জানায়, উপজেলা প্রকৌশল অধিদপ্তরের আওতায় দুটি গ্রুপে উপজেলার দুটি বিদ্যালয় মেরামতের জন্য দরপত্র আহ্বান করা হয়। দরপত্র জমা দেওয়ার শেষ তারিখ ছিল ২৫ জানুয়ারি। এ অনুযায়ী ছাবেরা খাতুন নিম্ন মাধ্যমিক বিদ্যালয় মেরামতের জন্য ৩৬ লাখ ২০ হাজার টাকা ও সবদল আবদুল করিম প্রাথমিক বিদ্যালয়ের জন্য ৪৭ লাখ ৩৯ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। এ দুটি কাজের বিপরীতে ছাবেরা খাতুন নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের জন্য ৩৮টি ও সবদল আবদুল করিম প্রাথমিক বিদ্যালয়ের জন্য ৪০টি দরপত্র জমা পড়ে। এ দুটি কাজের জন্য ঠিকাদারেরা শতকরা পাঁচ টাকা কমে দরপত্র জমা দেন। উপজেলা পরিষদের সভাকক্ষে গতকাল দুপুরে এ কাজের লটারি হয়। এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সিরাজুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজাউল আলম সরকার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, উপজেলা প্রকৌশলী নজিবুল হকসহ অন্য ঠিকাদারেরা উপস্থিত ছিলেন। লটারিতে ছাবেরা খাতুন নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের কাজ পান রংপুরের ঠিকাদার নওরোজ এবং সবদল আবদুল করিম প্রাথমিক বিদ্যালয়ের কাজ পান লালমনিরহাটের মিঠু নামের একজন ঠিকাদার। লটারি শেষে উপস্থিত সবার স্বাক্ষর নিয়ে সিএস কপি প্রস্তুত করা হয়। লটারিতে উপজেলা যুবলীগের নেতাদের ঠিকাদারি প্রতিষ্ঠানের নাম না ওঠায় তাঁরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। সিএস কপি উপজেলা প্রকৌশল অধিদপ্তরের হিসাবরক্ষক আবদুল মান্নান তাঁর অফিসে নিয়ে যাওয়ার সময় উপজেলা যুবলীগের সভাপতি আজিজুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক আসাদুন্নবী হীরা তাঁর পথ রোধ করে সিএস কপি কেড়ে নেন। ওই নেতারা প্রকাশ্যে সিএস কপি উপজেলা পরিষদের দ্বিতীয় তলায় নিয়ে ছিঁড়ে ফেলেন। তাৎক্ষণিকভাবে বিষয়টি আবদুল মান্নান ইউএনওকে জানান। এ ব্যাপারে আজিজুল ইসলামের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোনটি ধরেননি।তবে আসাদুন্নবী হীরা তর্কাতর্কি হওয়ার কথা স্বীকার করে বলেন, ‘সিএস কপিটি কে ছিঁড়েছে তা আমার জানা নেই।’ উপজেলা প্রকৌশলী নজিবুল হক সিএস কপি ছিঁড়ে ফেলার বিষয়টি স্বীকার করে বলেন, এতে করে কোনো সমস্যা হবে না। নতুন করে সিএস কপি তৈরি করা হবে।ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা দরপত্র মূল্যায়ন কমিটির সভাপতি ইউএনও রেজাউল আলম সরকার বলেন, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।