লটারিতে ফল নির্ধারণ
নারায়ণগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে সোনারগাঁ উপজেলার ৮ নম্বর ওয়ার্ডে দুই সদস্য প্রার্থী সমান ভোট পেয়েছিলেন। গতকাল বৃহস্পতিবার লটারির মাধ্যমে তাঁদের একজনকে সদস্য হিসেবে বেছে নেওয়া হয়।
গত বুধবার জেলা পরিষদ নির্বাচনে সোনারগাঁ উপজেলার ৮ নম্বর ওয়ার্ডে সদস্য পদের নির্বাচনে সোনারগাঁ জিআর মডেল স্কুল অ্যান্ড কলেজের কেন্দ্রে মোট ৪০ জন জনপ্রতিনিধি ভোট দেন। ফারুক হোসেন ভূঁইয়া সিলিং ফ্যান প্রতীকে এবং আবু নাঈম ইকবাল তালা প্রতীকে ২০টি করে ভোট পান।
এই কেন্দ্রের ফলাফল নির্ধারণ করতে গতকাল জেলা নির্বাচন কার্যালয়ে জেলা নির্বাচন কর্মকর্তা মো. তারিফুজ্জামান প্রার্থী ও সমর্থকদের সামনে লটারির আয়োজন করেন। জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, জেলা পরিষদ নির্বাচনের ৪২ ধারা মোতাবেক কোনো নির্বাচনে অমীমাংসিত ফলাফল হলে লটারির মাধ্যমে প্রার্থী নির্বাচন করতে হবে। হ্যাঁ ও না লেখা দুটি চিরকুট থাকবে। একজন প্রার্থী একটি চিরকুট তুলবেন। সে অনুযায়ী ফলাফল নির্ধারিত হবে।
গতকাল লটারিতে ফারুক হোসেন হ্যাঁ চিরকুট ওঠান এবং সোনারগাঁ উপজেলার ৮ নম্বর ওয়ার্ডে বেসরকারিভাবে সদস্য নির্বাচিত হন।