লটারিতে বদলে গেল কর্মস্থল
লটারিতে বদলে গেল ৮৫ কর্মকর্তার কর্মস্থল। প্রচলিত রীতির বাইরে গিয়ে এই ব্যতিক্রমী বদলি করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। গতকাল বুধবার এ-সংক্রান্ত অফিস আদেশ দেওয়া হয়।
ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা আনসার আলী খান প্রথম আলোকে বলেন, বদলি নিয়ে পরীক্ষা-নিরীক্ষার পাশাপাশি প্রচলিত ব্যবস্থার পরিবর্তন আনতে লটারির মাধ্যমে ৮৫ জনকে রদবদল করা হয়েছে। পর্যায়ক্রমে বিভিন্ন বিভাগে এ ধরনের বদলি করা হবে।
বদলি হওয়া ৮৫ জনের মধ্যে সাতজন আছেন কর কর্মকর্তা, ২৬ জন উপ কর কর্মকর্তা, ৩৪ রাজস্ব সুপারভাইজার এবং বাকি ১৮ জন বিভিন্ন শাখার কর্মকর্তা-কর্মচারী। ডিএসসিসির অন্য একটি আদেশে দায়িত্ব পালনে অবহেলার জন্য গুদাম ও ক্রয় (স্টোর ও পারচেজ) বিভাগের তত্ত্বাবধায়ক লিয়াকত হোসেন ও সহকারী স্টোরকিপার মো. রফিকুল ইসলামকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
এ ব্যাপারে জানতে চেয়ে দক্ষিণের মেয়র সাঈদ খোকনের সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করে তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
ডিএসসিসির একাধিক কর্মকর্তা প্রথম আলোকে বলেন, ৮৫ কর্মকর্তাকে একযোগে লটারির মাধ্যমে বদলি করা হলেও এর মূল উদ্দেশ্য ছিল দীর্ঘদিনের সিন্ডিকেট ভেঙে ফেলা। বদলি হওয়া কর্মকর্তাদের অনেকেই দীর্ঘদিন একই স্থানে ছিলেন। এঁদের কেউ কেউ আছেন অবিভক্ত সিটি করপোরেশন থাকার সময় থেকে। অনেক দিন একই অঞ্চলে থাকার সুবাদে কেউ কেউ সিন্ডিকেট তৈরি করেছেন। কারও বিরুদ্ধে রাজস্ব আত্মসাতের অভিযোগও আছে।
সূত্র জানায়, ৮৫ কর্মকর্তা-কর্মচারীকে ডিএসসিসির পাঁচটি অঞ্চলে রদবদল করা হয়েছে। এসব অঞ্চলে ৫৬টি ওয়ার্ড রয়েছে। যাঁদের বদলি করা হয়েছে, তাঁদের মূলত এক অঞ্চল থেকে অন্য অঞ্চলেই বদলি করা হয়েছে। পাঁচটির মধ্যে অঞ্চল-১-এ রয়েছে ধানমন্ডি (আংশিক), কাঁঠালবাগান, গ্রিন রোড, হাতিরপুল, বিশ্ববিদ্যালয় এলাকা, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, এলিফ্যান্ট রোড, মিন্টো রোড, কাকরাইল, মগবাজার, সেগুনবাগিচা, বঙ্গবন্ধু অ্যাভিনিউ, সচিবালয় এলাকা, রমনা গ্রিন হাউস এলাকা। অঞ্চল-২-এ রয়েছে খিলগাঁও, বাসাবো, মুগদাপাড়া, কমলাপুর, মতিঝিল, শাহজাহানপুর, পুরানা পল্টন, নয়াপল্টন, বায়তুল মোকাররম প্রভৃতি এলাকা। অঞ্চল-৩-এ রয়েছে লালবাগ, হাজারীবাগ, জিগাতলা, ধানমন্ডি (আংশিক), আজিমপুর, ঢাকেশ্বরী রোড, ইসলামবাগ, কামরাঙ্গীরচর। অঞ্চল-৪-এ রয়েছে মিটফোর্ড, চকবাজার, বংশাল, কোতোয়ালি, বাংলাবাজার, লক্ষ্মীবাজার, ফরাশগঞ্জ। অঞ্চল-৫-এ রয়েছে মানিকনগর, গোপীবাগ, ওয়ারী, নবাবপুর রোড, সায়েদাবাদ, যাত্রাবাড়ী, মীর হাজিরবাগ ও জুরাইন এলাকা।
এর আগে মেয়র সাঈদ খোকন নির্বাচিত হওয়ার কিছুদিনের মধ্যেই পাঁচ অঞ্চলের পাঁচজন নির্বাহী প্রকৌশলীর দপ্তর রদবদল করেন।