লটারিতে সর্বস্বান্ত সাধারণ মানুষ, নীরব প্রশাসন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁ জেলা চেম্বার অব কমার্সের আয়োজনে শুরু হওয়া বাণিজ্য মেলার লটারিতে সর্বস্বান্ত হচ্ছে নওগাঁসহ বগুড়া ও জয়পুরহাট জেলার শত শত সাধারণ মানুষ। লটারির লোভনীয় প্রচারে আকৃষ্ট হয়ে প্রতিদিন লাখ লাখ টাকার টিকিট কিনছে সব বয়সী লোকজন।

খোঁজ নিয়ে জানা গেছে, ১ জানুয়ারি থেকে নওগাঁ শহরের পুলিশ লাইনের পাশে নওগাঁ চেম্বার অব কমার্স মাসব্যাপী এই মেলার আয়োজন করেছে। মেলায় উল্লেখযোগ্য কোনো স্টল বা তেমন কোনো দোকানপাট নেই। লটারিই এ মেলার প্রধান আকর্ষণ। প্রতিটি লটারি টিকিটের বিক্রয়মূল্য ২০ টাকা। লটারিতে পুরস্কার হিসেবে রাখা হচ্ছে একাধিক মোটরসাইকেল, সোনার গয়নাসহ বিভিন্ন পণ্য। এসব পণ্য পাওয়ার আশায় সাধারণ মানুষ টিকিট কেনার জন্য হুমড়ি খেয়ে পড়ছে।

সান্তাহার শহরের ভ্যানচালক জালাল হোসেন জানান, এই কদিনে তিনি প্রায় এক হাজার টাকার টিকিট কিনেছেন। কিন্তু কোনো পুরস্কার পাননি। একইভাবে উপজেলার ছাতিয়ানগ্রাম বাজারের কাঁচামাল ব্যবসায়ী আমজাদ হোসেন বলেন, তাঁর ছেলেকে লটারির নেশায় চেপে ধরেছে। প্রতিদিন সে দুই থেকে তিন শ টাকার লটারির টিকিট কেনে। অথচ এ পর্যন্ত কোনো পুরস্কার পায়নি। টাকা জলাঞ্জলি যাওয়াই সার। আদমদীঘি সদরের নির্মাণশ্রমিক এলাহি বখস জানান, লটারির নেশায় প্রতিদিন যা আয় করেন তার বেশির ভাগ টাকাই টিকিট কিনতে কিনতে শেষ হয়। পুরস্কারের আশায় প্রতিদিনই তিনি টিকিট কিনলেও কিচ্ছু পাচ্ছেন না।

এদিকে নাম প্রকাশ না করার শর্তে একজন লটারির টিকিট বিক্রেতা জানান, প্রায় দেড় শ গাড়িতে তাঁরা টিকিট বিক্রি করছেন। প্রতিটি গাড়ি থেকে প্রতিদিন দেড় থেকে দুই হাজার পর্যন্ত টিকিট বিক্রি হচ্ছে। এতে করে প্রতিদিন প্রায় ৩০ থেকে ৩৫ লাখ টাকার টিকিট বিক্রি হচ্ছে। নওগাঁর ১১টি উপজেলা ছাড়াও বগুড়া ও জয়পুরহাটের  গ্রামগঞ্জেও টিকিট বিক্রি চলছে।

সান্তাহার নাগরিক কমিটির সদস্য রবিউল ইসলাম বলেন, একটি জেলা শহর থেকে এভাবে একটি অবৈধ লটারি পরিচালনা করা হলেও সেখানকার প্রশাসনের নীরবতা রহস্যজনক। আদমদীঘি ইউএনও রেজাউল করিম বলেন, এ ধরনের লটারির কারণে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। জনস্বার্থে এই লটারি বন্ধ করা উচিত।

তবে লটারির বিষয়ে নওগাঁ পুলিশ সুপার মোজাম্মেল হকের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কোনো কথাই বলতে রাজি হননি।