লটারির টাকায় হবে ক্যানসার হাসপাতাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার দারুস সালামে একটি অত্যাধুনিক ক্যানসার হাসপাতাল প্রতিষ্ঠায় বাংলাদেশ ক্যানসার সোসাইটি ২০ টাকার লটারির টিকিট ছেড়েছে বাজারে। গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাবে লটারির টিকিট কিনে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক কার্যক্রমের উদ্বোধন করেন।
বাংলাদেশ ক্যানসার সোসাইটির প্রতিনিধিরা বলেন, ২০১৪ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্যানসার হাসপাতাল নির্মাণে ঢাকার দারুস সালামে প্রায় ছয় বিঘা জমি দেন। ওই জায়গায় এখন ৩০ শয্যার একটি হাসপাতাল চালু আছে। জায়গাটিতে দরিদ্রদের জন্য ২৫০ শয্যার একটি অত্যাধুনিক ক্যানসার হাসপাতাল এবং রোগী ও তাদের স্বজনদের থাকার জন্য ভবন নির্মাণের পরিকল্পনা নিয়েছে সোসাইটি। এ কাজে প্রায় ৩০০ কোটি টাকা দরকার। সোসাইটি এ কাজে দেশের সবাইকে সম্পৃক্ত হওয়ার অনুরোধ করেছে।
যেকোনো মুঠোফোন নম্বর থেকে BCS লিখে ১৬৩২৯ নম্বরে পাঠিয়ে টিকিট নিতে পারেন। ফিরতি বার্তায় লটারির নম্বর পাঠিয়ে দেওয়া হবে। এ ছাড়া দেশের বিভিন্ন ব্যাংক, এনজিও, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানেও লটারির টিকিট পাওয়া যাচ্ছে।