লটারির ফাঁদে সাধারণ মানুষ
>পুরস্কারের লোভে দিন এনে দিন খাওয়া মানুষেরা তাঁদের রোজগার লটারির টিকিট কিনে শেষ করছেন
নওগাঁয় শিল্প ও বাণিজ্য মেলায় লটারির ফাঁদে পড়ে স্থানীয় মানুষ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। মাসব্যাপী চলা এ মেলায় প্রতিদিন র্যা ফল ড্রর নামে চলছে লটারি নামের জুয়া। শুধু মেলা প্রাঙ্গণ নয়; এ টিকিট মাইকিং করে বিক্রি হচ্ছে জেলার বিভিন্ন স্থানে। আর পুরস্কারের মোহে আগপিছ না ভেবে হুমড়ি খেয়ে টিকিট কিনে নিঃস্ব হচ্ছে স্থানীয় লোকজন।
নওগাঁ পুলিশ লাইনস-সংলগ্ন খোলা মাঠে ১ জানুয়ারি থেকে শুরু হয় এ মেলা। এর আয়োজক নওগাঁ শিল্প ও বণিক সমিতি। এখানে পণ্যসামগ্রীর ৪৫টি দোকান রয়েছে। এ ছাড়া শিশুদের বিনোদনের জন্য রয়েছে মিনি শিশুপার্ক। তবে মেলার মূল আকর্ষণ র্যা ফল ড্র ও সার্কাস।
সরেজমিনে দেখা যায়, মেলা প্রাঙ্গণে প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত দেদার ‘স্বপ্নছোঁয়া র্যা ফল ড্র’ লটারির টিকিট বিক্রি হচ্ছে। শুধু মেলা প্রাঙ্গণ নয়। এ লটারি বিক্রির জন্য প্রতিদিন মেলার মাঠ থেকে ১০০টির বেশি ইজিবাইক জেলা সদরসহ আশপাশের বিভিন্ন স্থানে যাচ্ছে। সেগুলো থেকে মাইকিং করে চলছে টিকিট বিক্রি। প্রতিটি টিকিটের দাম ২০ টাকা। রাত ১০টায় শুরু হয় র্যা ফল ড্র। প্রতিদিন বিভিন্ন কোম্পানির একাধিক মোটরসাইকেল, স্বর্ণালংকার, টিভি, ফ্রিজসহ বিভিন্ন পুরস্কার দেওয়া হচ্ছে। ড্র অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হচ্ছে স্থানীয় অপারেটর ‘ড্রিম ওয়ার্ল্ড’ কেব্ল নেটওয়ার্কে।
গত সোমবার শহরের তাজের মোড় এলাকায় ইজিবাইকে করে স্বপ্নছোঁয়া র্যা ফল ড্রর টিকিট বিক্রি করছিলেন মোমিনুল হক। তিনি চার্ট দেখিয়ে বলেন, ‘আজকে (সোমবার) ১২টি মোটরসাইকেলসহ মোট ৯১টি পুরস্কার দেওয়া হবে। গত রোববার দেওয়া হয়েছে ১১টি মোটরসাইকেল।’ মোমিনুল আরও বলেন, প্রতিদিন তিনি ইজিবাইকে বিভিন্ন এলাকায় ঘুরে ১৫ থেকে ২০ হাজার টিকিট বিক্রি করেন।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পুরস্কারের লোভে দিন এনে দিন খাওয়া মানুষেরা তাঁদের আয়ের বড় অংশ লটারির টিকিট কিনে শেষ করছে। এমনকি স্কুল-কলেজের শিক্ষার্থীরা পর্যন্ত বাড়ি থেকে চুরি করে টাকা নিয়ে কিংবা টিফিন না খেয়ে সেই টাকায় লটারি কিনছে।
গত রোববার লটারিতে মোটরসাইকেল জিতেছেন বগুড়ার আদমদিঘী উপজেলার কাশিপাড়া গ্রামের আবদুল লতিফ। মোমিনুলের চার্ট থেকে পাওয়া নম্বরে ফোন দিলে গতকাল বিকেলে আবদুল লতিফ প্রথম আলোকে পুরস্কার পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘গত রোববার টিভিতে ড্রর সময় আমার নাম উঠা দেখেছি। র্যা ফল ড্রয়ের লোকজন আমাকে ফোন করে মোটরসাইকেল পাওয়ার কথা বলেছেন। আজ সন্ধ্যায় মোটরসাইকেল নিতে মেলায় যাব।’
নওগাঁ শহরে রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন মজিবর রহমান। গত শনিবার শহরের মুক্তির মোড়ে রিকশাস্ট্যান্ডে কথা হয় তাঁর সঙ্গে। তিনি বলেন, ‘মেলা শুরুর দিন থেকে প্রতিদিন তিনটা করে কিনিচ্ছি। প্রতিদিন ৮০টা করে পুরস্কার দিলেও মোর ভাগ্যে কিচ্ছু জুটল না। এ পর্যন্ত প্রায় ৪০০ টাকার টিকিট কিনিচ্ছি।’
মান্দার এনায়েতপুর কারিগরি কলেজের প্রভাষক রাশেদুল ইসলাম বলেন, ‘প্রতিদিন নওগাঁ থেকে মান্দায় কলেজে যাওয়ার পথে দেখি, মোড়ে মোড়ে ইজিবাইকে মানুষ হুমড়ি খেয়ে লটারির টিকিট কিনছে। এলাকার মানুষ লটারির নেশায় পড়ে গেছে। কিছু মানুষ হয়তো লটারিতে পুরস্কার পাচ্ছে। কিন্তু বেশির ভাগ মানুষই টিকিট কিনে সর্বস্বান্ত হচ্ছেন। বাণিজ্য মেলার নামে মাত্র কয়েক দিনে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে একটি দল। প্রশাসন কিসের জন্য নীরব, তা বুঝতে পারছি না।’
মেলার আয়োজক প্রতিষ্ঠান নওগাঁ শিল্প ও বণিক সমিতির সভাপতি ইকবাল শাহরিয়ার রাসেল গতকাল মঙ্গলবার মুঠোফোনে বলেন, আসলে ভালো কিছু করলে কিছু খারাপ লোক এর বিরোধিতা করবেই। সব জায়গায় শিল্প ও বাণিজ্য মেলাতেই র্যা ফল ড্র হয়।
জেলা প্রশাসক আমিনুর রহমান বলেন, অশ্লীল নাচ, জুয়া বা আইনশৃঙ্খলা নষ্ট করে এমন কিছু চলবে না এমন শর্তে মেলার অনুমতি দেওয়া হয়েছে। আর এলাকার বেশির ভাগ মানুষই মেলার পক্ষে। তবে টিকিট বিক্রি নিয়ে কিছু অভিযোগ উঠেছে বলেও স্বীকার করেন তিনি। তাই মেলার সময় শেষ হলে আর সময় বাড়ানো হবে না বলে জানান তিনি।