লটারির মাধ্যমে জয়ী ছয় সদস্য প্রার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জেলা পরিষদ নির্বাচনে পাওয়া ভোট সমান হওয়ায় গতকাল বুধবার বিভিন্ন স্থানে লটারির মাধ্যমে ফলাফল নির্ধারণ করা হয়েছে। এভাবে নীলফামারী ও সিলেটে দুজন করে এবং হবিগঞ্জ ও নেত্রকোনায় একজন করে সদস্য প্রার্থীকে জয়ী ঘোষণা করা হয়েছে।
সংশ্লিষ্ট জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রের বরাত দিয়ে প্রথম আলোর প্রতিনিধিদের পাঠানো খবর:
নীলফামারী: নির্বাচনে সাধারণ সদস্য পদে ৭ নম্বর ওয়ার্ডে মোস্তাফিজুর রহমান চৌধুরী ও মিজানুর রহমান ২২টি ভোট করে পান। ৮ নম্বর ওয়ার্ডে মাহাবুব জজ ও মন্টু চন্দ্র সরকার ১৬টি করে ভোট পান। এ অবস্থায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা পরিষদ নির্বাচন নিয়ন্ত্রণকক্ষে লটারির মাধ্যমে ফলাফল নির্ধারণ করা হয়। এতে মোস্তাফিজুর রহমান চৌধুরী ও মাহাবুব জজ জয়ী হন।
সিলেট: ২ নম্বর ওয়ার্ডে মতিউর রহমান ও গোলাম কিবরিয়া ১৭টি করে ভোট পান। ১২ নম্বর ওয়ার্ডে নজরুল হোসেন ও শামীম আহমদ তালুকদার ২৪টি করে ভোট পান। এ অবস্থায় লটারি করা হয়। এভাবে মতিউর রহমান ও নজরুল হোসেনকে জয়ী ঘোষণা করা হয়।
হবিগঞ্জ: ১৩ নম্বর ওয়ার্ডে ফরিদ আহমেদ তালুকদার ও মামুনুর রশিদ ২৫টি করে ভোট পান। এ দুই প্রার্থীর মতামতের ভিত্তিতে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সাবিনা আলম লটারি করেন। এতে ফরিদ আহমেদ তালুকদার জয়ী হন।
নেত্রকোনা: কলমাকান্দা উপজেলার ৩ নম্বর ওয়ার্ডে ইদ্রিস আলী তালুকদার ও শফিকুজ্জামান শফিক ২৩টি করে ভোট পান। এ অবস্থায় জেলা প্রশাসকের কার্যালয়ে লটারি করা হয়। এতে ইদ্রিস আলী তালুকদারকে জয়ী ঘোষণা করা হয়।