নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৬ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে চাচা-ভাতিজা লড়াই করছেন। চাচা ওবায়েদউল্লাহ টানা ১৩ বছর ধরে এ ওয়ার্ডের কাউন্সিলর। তিনি নারায়ণগঞ্জ পৌরসভা ও সিটি করপোরেশনের প্যানেল মেয়রও ছিলেন। তাঁর বিরুদ্ধে লড়ছেন ভাতিজা রিয়াদ হাসান।
নির্বাচন কমিশনে দাখিল করা হলফনামা অনুযায়ী, ওবায়েদউল্লাহ (৬৮) স্নাতক পাস। তাঁর পেশা ব্যবসা। তিনি সিমেন্ট ও লৌহজাত সামগ্রীর পাইকারি ও খুচরা বিক্রেতা। তাঁর বিরুদ্ধে কোনো মামলা নেই। তাঁর নির্বাচনী প্রতীক লাটিম।
রিয়াদ হাসান (৩০) ওবায়েদউল্লাহর সৎভাই আকতার হোসেন ওরফে শুক্কুরের ছেলে। হলফনামা অনুযায়ী, রিয়াদের শিক্ষাগত যোগ্যতা এসএসসি। তাঁর পেশা সুতার ব্যবসা। তাঁর নির্বাচনী প্রতীক ঘুড়ি।
পারিবারিক সূত্রে জানা গেছে, ২০০৩ সালে নারায়ণগঞ্জ পৌরসভা (বর্তমানে সিটি করপোরেশন) নির্বাচনে ওবায়েদউল্লাহ পারিবারিক সমর্থনে নির্বাচন করে বিজয়ী হন। এবার তাঁর ভাতিজা রিয়াদ হাসান প্রার্থী হতে চাইলে পারিবারিকভাবে বিষয়টি নিষ্পত্তির চেষ্টা করা হয়। তবে প্রচেষ্টা ব্যর্থ হয়।
দেওভোগ, বাবুরাইল, বেপারীপাড়া এলাকা নিয়ে গঠিত এ ওয়ার্ডের ভোটার সংখ্যা ২৪ হাজার ৬৯ জন। কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বী অন্য প্রার্থীরা হলেন নাজমুল আলম (ব্যাডমিন্টন র্যা কেট), আকরাম হোসেন (ঝুড়ি), আল আমিন প্রধান (ঠেলাগাড়ি), সাইদুল হাসান (টিফিন ক্যারিয়ার), সৈয়দ ওমর খালেদ (রেডিও)। তবে ভোটারদের ধারণা, মূল প্রতিদ্বন্দ্বিতা হবে ওবায়েদউল্লাহর সঙ্গে নাজমুল আলমের।