লড়াই হবে নতুন-পুরাতনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমরা এইবার একটু রোদে দাঁড়াইতে চাই। তবে ভোটের লাইনে দাঁড়াতে পারুম কি না সেইটা হলো আসল কথা।’ কথাগুলো বলছিলেন কবিরুল ইসলাম, সিদ্ধেশ্বরী রোডের শ্রাবণী ড্রাগ হাউস নামের এক ওষুধের দোকানের সামনে। ভোট দিতে পারবেন কি না তা নিয়ে তাঁর মতো কেউ কেউ আছেন দ্বিধা-দ্বন্দ্বে।
গতকাল শনিবার মধ্য দুপুরে সিটি করপোরেশনের নির্বাচন নিয়ে আড্ডা জমে উঠেছিল দোকানটির সামনে। এলাকাটি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১৯ নম্বর ওয়ার্ড।
তপ্ত গ্রীষ্মে ভোট হচ্ছে এবার। স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় (সিদ্ধেশ্বরী শাখা) থেকে স্নাতকোত্তর করা কবিরুলের বক্তব্য, গত বছর ৫ জানুয়ারির নির্বাচনের তাঁরা ভোট দেওয়ার সুযোগই পাননি। তাঁর কথার প্রতিবাদ করে দোকান মালিক হাফিজুর রহমান বললেন, সেই নির্বাচনের বিষয়টি ছিল আলাদা। প্রতিদ্বন্দ্বী প্রার্থী যেখানে ছিল সেখানে লোকে ভোট দিতে পেরেছেন। নির্বাচনে অংশ নিতে তো কেউ কাউকে বাধা দেয়নি। এর মধ্যে একজন বললেন, বিএনপি-সমর্থিত মেয়র প্রার্থী মির্জা আব্বাসকে এখন জামিন দেওয়া না হলেও দেখা যাবে, ভেটের ঠিক একদিন বা দুদিন আগে জামিন দেওয়া হবে। যখন তিনি প্রচারে অংশ নিতে পারবেন না। আবার সরকারও বলবে, কোনো প্রার্থীকে আটকে রাখা হয়নি। এভাবেই বেশ জমে উঠেছিল নির্বাচনী আড্ডা।
রমনা, সিদ্ধেশ্বরী রোড ও লেন, বেইলি রোড, পুরাতন এলিফ্যান্ট রোড, ইস্কাটন গার্ডেন, শান্তিনগর ও পশ্চিম মালিবাগের একটি অংশ নিয়ে এই ওয়ার্ডের ভোটার সংখ্যা ৩৪ হাজার ২৯৭। এই এলাকায় প্রধান বিচারপতিসহ অনেক বিচারপতি, উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের বাসস্থান। রাষ্ট্রীয় অতিথি ভবন, মন্ত্রীপাড়া। শিক্ষিত ও বিত্তবান মানুষের বসবাস। দক্ষিণের এই ওয়ার্ডটি ভিআইপিদের এলাকা হিসেবেই পরিচিত। কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ছয়জন। এর মধ্যে একজন ইতিমধ্যে সরে গেছেন।
আওয়ামী লীগের সমর্থন পেয়ে ঘুড়ি মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন মুন্সি কামরুজ্জামান। বিএনপির দুজন। তবে দলীয় সমর্থন পেয়েছেন সাবেক কাউন্সিলর মো. আরিফুল ইসলাম। তাঁর প্রতীক রেডিও। এম এ জাকির দলীয় সমর্থন পাননি। নির্বাচন করছেন ঠেলাগাড়ি মার্কা নিয়ে। অন্য দুই প্রার্থীর মধ্যে সৈয়দ মাহামুদুল হক নির্বাচন করছেন ট্রাক্টর প্রতীকে। তাঁর পোস্টার এলাকায় দুর্লভ। ইস্কাটন রোডের পুরোনো পাসপোর্ট অফিসের সামনের পথে তাঁর ১০-১২টি পোস্টার ঝুলতে দেখা গেছে। আর আবু জুবায়ের মো. মিরাতিল্লাহর কোনো পোস্টারই এলাকায় চোখে পড়েনি। এলাকাবাসীর সঙ্গে কথা বলে বোঝা গেলা প্রতিদ্বন্দ্বিতা হবে মূলত কামরুজ্জামান ও আরিফুল ইসলামের মধ্যে।
আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী কামরুজ্জামান প্রথম আলোকে বলেন, তাঁর প্রধান কাজ হবে পানির সংকট নিরসন করা। এর মধ্যেই তিনি নিজ উদ্যোগে সিদ্ধেশ্বরী বালক উচ্চবিদ্যালয়ের মাঠের এক পাশে একটি গভীর নলকূপ বসানোর ব্যবস্থা করেছেন। সড়কগুলোরও সংস্কার করবেন। এলাকার পরিচ্ছন্নতার জন্য সড়কের ৫০০ গজ দূরে দূরে আবর্জনা রাখার পাত্র স্থাপন করবেন। আর জন্ম সনদ নিতে লোকের বেশ ঝামেলায় পড়তে হয়। তিনি জন্ম, চারিত্রিক ও জাতীয়তা সনদ যাতে সহজে এলাকাবাসী পান, সে ব্যবস্থা করবেন। সনদ বাড়িতে পৌঁছে দেওয়ারও ব্যবস্থা করা হবে।
বিএনপি-সমর্থিত প্রার্থী আরিফুল ইসলাম এই এলাকায় দুই মেয়াদে প্রায় ১৮ বছর কাউন্সিলর ছিলেন। তিনি বলেন, পানির সংকট আরও তীব্র ছিল। ওয়াসার সহায়তা নিয়ে তিনি বেশ কয়েকটি গভীর নলকূপ স্থাপন করায় সংকট কিছুটা কমেছে। তবে এলাকার পানির স্তর নিচে নেমে যাওয়ায় পাম্পগুলো থেকে পর্যাপ্ত পানি পাওয়া যাচ্ছে না। নতুন জায়গায় পাম্প বসাতে হবে। সেই কাজটি তিনি করবেন নির্বাচিত হলে। এ ছাড়া এবার একটি কমিউনিটি সেন্টার করবেন। এই এলাকায় সিটি করপোরেশনের কোনো কমিউনিটি সেন্টার নেই। সিটি করপোরেশনের নিজস্ব জায়গাও নেই। গণপূর্ত ও ওয়াসার কিছু জায়গা আছে। সেই জায়গা পাওয়ার চেষ্টা করে চিঠি চালাচালি করেছেন বিগত সময়ে। এবার নির্বাচিত হলে কাজটি তিনি সম্পন্ন করতে চান। তিনি অভিযোগ করেন, তাঁর পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছে ও প্রচারে নিয়োজিত
কর্মীদের বাধা দেওয়া হচ্ছে। তাঁরা আতঙ্কিত অবস্থায় আছেন। তবে কারও বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ করেননি তিনি। এম এ জাকির প্রথম আলোকে বলেন, তিনি বিএনপি করেন। তবে দল তাঁকে সমর্থন দেয়নি। বিদ্রোহী প্রার্থী না বলে তাঁকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে উল্লেখ করাই ঠিক হবে। তিনিও পানির সংকট নিরসনের পাশাপাশি পুরো এলাকায় সিসিটিভি বসাতে চান নিরাপত্তা নিশ্চিত করতে।