
গ্রামবাংলার জনপ্রিয় এক খেলা ষাঁড়ের লড়াই। এই লড়াইয়ের আয়োজন হয় শীত মৌসুমে। তবে লড়াইয়ে অংশ নিতে চলে বছরব্যাপী প্রস্তুতি। একেকটি ষাঁড়কে লড়াকু করে তৈরি করতে চলে মালিকদের আরেক লড়াই।
সিলেট অঞ্চলে শখের এই লড়াইয়ে নেমে কেউ কেউ আয়েশি প্রবাস জীবনেরও ইতি ঘটান। তেমনই এক উদাহরণ সিলেটের বিশ্বনাথ উপজেলায়। প্রতিবছর ষাঁড়ের লড়াইয়ে অংশ নিয়ে পুরস্কার জেতার পণ করে আস্ত এক ষাঁড়ের খামার গড়েছেন যুক্তরাজ্য থেকে দেশে ফেরা তরুণ সাজুল আলী।
সাজুলের বাড়ি বিশ্বনাথের ইলিমপুর গ্রামে। যুক্তরাজ্যের ম্যানচেস্টার সিটিতে থাকতেন। ২০০৬ সালের শীত মৌসুমে ষাঁড়ের লড়াই দেখতে দেশে ফেরেন। ষাঁড়ের লড়াইয়ের নেশায় পেয়ে বসে তাঁকে। আর যুক্তরােজ্য ফেরেননি। নিজ বাড়িতে ওই বছরই খামার গড়েন। পরিচর্যার মাধ্যমে ১০টি ষাঁড়কে লড়াকু হিসেবে তৈরি করেন সাজুল। আর এক মাস পর বিশ্বনাথে শুরু হবে এ মৌসুমের ষাঁড়ের লড়াই। সাজুল বলেন, ‘আমার আশা, এবারও সব পুরস্কার জিতবে আমার খামারের ষাঁড়!’
সাজুলের খামারে একেকটি ষাঁড়ের জন্য একেকটি কক্ষ বরাদ্দ। আধা পাকা টিনের ঘরে একেকটি ষাঁড় রাখা হয়। পরিচর্যার জন্য আছেন চারজন লোক। কাজের তদারক করেন সাজুল নিজে। খামারের ১০টি ষাঁড় লড়াকু হিসেবে তৈরি করার পাশাপাশি বিচিত্র নামও দেওয়া হয়েছে। পরিচর্যার সময় চরিত্র বিবেচনা করে এসব নাম দেওয়া হয়েছে বলে জানালেন সাজুল। লড়াইয়ে নেমে নিমেষেই প্রতিপক্ষকে ঘায়েল করার ক্ষমতা রাখে বলে একটি ষাঁড়ের নাম দেওয়া হয়েছে ‘টু মিনিট’। সব সময় ‘শত্রু’কে চিনতে পারে বিবেচনায় একটির নাম ‘ফাটাকেষ্ট’। আরও আছে ‘মন্টিলাল’, ‘ভেনাম’, ‘বাগং’, ‘আঙরা’, ‘শিসনাগ’, ‘এইচ’, ‘জিলজিলা’ ও ‘জম্বি’।
চুয়াডাঙ্গা, খুলনা, চট্টগ্রাম, ময়মনসিংহ থেকে এসব ষাঁড় কিনেছেন সাজুল। এবারের মৌসুমে ষাঁড়ের লড়াইয়ে অংশ নিতে সাজুলের খামারের ১০টি ছাড়াও ‘দানব’ নাম দিয়ে আরও পাঁচটি ষাঁড় খামারে আনা হবে।
ষাঁড় লালন-পালনে খরচও আছে। পরিচর্যাকারী চারজনকে মাসে পাঁচ হাজার টাকা দিতে হয়। প্রতিটি ষাঁড়ের খাওয়া বাবদ মাসে খরচ হয় প্রায় পাঁচ হাজার টাকা। চিকিৎসায় সবগুলোর পেছনে গড়ে মাসিক ব্যয় ১৫ হাজার টাকা।
সাজুলের বাবা নেই। চার ভাই, তিন বোনের পরিবার তাঁদের। ভাইবোন সবাই যুক্তরাজ্যে। দেশে পৈতৃক বাড়িতে খামার করে ষাঁড় প্রতিপালন করছেন। খামারের শুরুর দিকে বেশি খরচ হলেও এখন তিনি আর্থিকভাবে লাভবান হওয়ার পথে। গত আট বছরে তাঁর খামারের ষাঁড়গুলো লড়াইয়ে এ পর্যন্ত ১০টি ২৪ ইঞ্চি রঙিন টেলিভিশন জিতেছে। গড়ে এক থেকে দুই লাখ টাকায় কেনা ষাঁড়গুলো এখন দ্বিগুণ দাম বলা হচ্ছে।
যুক্তরাজ্য থেকে ফিরে এসে খামার গড়ার পেছনে শুধু ষাঁড়ের লড়াইয়ে জেতা নয় বলে জানালেন সাজুল। ভবিষ্যৎ পরিকল্পনা তাঁর একটি পরিপূর্ণ ষাঁড়ের খামার গড়া। পাশাপাশি আর কিছু কর্মপরিকল্পনা আছে তাঁর। ইতিমধ্যে খামার থেকে ষাঁড়ের গোবর বায়োগ্যাস ও সার হিসেবে ব্যবহার শুরু করেছেন তিনি।
বিশ্বনাথে ষাঁড়ের লড়াই পরিচালনা কমিটির সভাপতি মশাহিদ আলী জানালেন, ১০ জানুয়ারি বালাগঞ্জে ষাঁড়ের লড়াইয়ের মধ্য দিয়ে এবারের মৌসুম শুরু হবে। ২০ জানুয়ারি হবে বিশ্বনাথে। এ দুই এলাকায় এবার শতাধিক ষাঁড়ের লড়াই হবে।