লতিফ নেজামীকে ধরেও ছেড়ে দিয়েছে ডিবি!
ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান আবদুল লতিফ নেজামীকে ধরে কার্যালয়ে নিয়ে আবার ছেড়ে দিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তবে পুলিশের কোনো কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে বিষয়টি স্বীকার করেননি।গতকাল মঙ্গলবার ইসলামী ঐক্যজোটের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল বিকেলে পল্টনে দলীয় কার্যালয়ের সামনে থেকে আবদুল লতিফ নেজামী এবং সহকারী মহাসচিব এহতেশাম সারোয়ারকে ধরে নিয়ে যান সাদা পোশাকের পুলিশ। রাতে আবদুল লতিফ প্রথম আলোকে বলেন, ডিবি সদস্যরা তাঁকে ডিবি কার্যালয়ে নিয়ে গিয়ে আড়াই ঘণ্টার মতো রেখে আবার পছন্দমতো জায়গায় নামিয়ে দিয়ে আসেন। তাঁর সঙ্গে কোনো খারাপ আচরণ করা হয়নি।গত শুক্রবার জুমার নামাজের পর রাজধানীতে তাণ্ডবের ঘটনায় বিভিন্ন থানায় দায়ের হওয়া অন্তত চারটি মামলার আসামি আবদুল লতিফ।এ বিষয়ে জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ বিভাগের উপকমিশনার মাসুদুর রহমান বলেন, তাঁরা আবদুল লতিফকে গ্রেপ্তার করেননি।