লতিফ সিদ্দিকী সাংসদ থাকবেন কি না, সিদ্ধান্ত দেবে ইসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর সংসদ সদস্য পদ থাকবে কি না, তা নিষ্পত্তি করবে নির্বাচন কমিশন। বিষয়টি নিষ্পত্তি করে সিদ্ধান্ত জানানোর অনুরোধ জানিয়ে প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি) চিঠি পাঠিয়েছেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী।
সংসদ সচিবালয় থেকে গতকাল সোমবার বিকেলে স্পিকারের এ চিঠি নির্বাচন কমিশন সচিবালয়ে পাঠানো হয়। শিরীন শারমিন চৌধুরী প্রথম আলোকে বলেন, সংসদে কারও সদস্যপদ নিয়ে বিরোধ দেখা দিলে সে বিষয়ে কোনো মতামত বা সিদ্ধান্ত জানানোর এখতিয়ার সংসদের নেই। আইনে বলা আছে, এ ধরনের বিরোধ নিষ্পত্তি করবে নির্বাচন কমিশন। সে জন্যই কমিশনে চিঠি পাঠানো হয়েছে।
নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব সিরাজুল ইসলাম বলেন, স্পিকারের চিঠিটি সিইসি তাঁর কাছে পাঠিয়েছেন। বিরোধটি নিষ্পত্তির জন্য তিনি দ্রুত কমিশনের টেবিলে নথি উত্থাপন করবেন।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে গত বছরের ২৮ সেপ্টেম্বর প্রবাসী বাংলাদেশিদের এক অনুষ্ঠানে পবিত্র হজ ও তাবলিগ জামাত নিয়ে বিরূপ মন্তব্য করেন তৎকালীন মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী। এ নিয়ে দেশে তীব্র সমালোচনার মুখে ১২ অক্টোবর তাঁকে মন্ত্রিসভা থেকে অপসারণ করা হয়। একই দিনে তাঁকে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্যপদ থেকে অব্যাহতি দেওয়া হয় এবং দলীয় প্রাথমিক সদস্যপদ বাতিল করা হয়। তাঁর বিরুদ্ধে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বেশ কয়েকটি মামলা হয়। দেশে ফেরার পর তিনি আত্মসমর্পণ করেন। তাঁকে কারাগারে পাঠানো হয়। গত ২৯ জুন তিনি জামিনে মুক্তি পান।
১২ অক্টোবর লতিফ সিদ্দিকীর দলীয় প্রাথমিক সদস্যপদ বাতিল করা হলেও বিষয়টি আওয়ামী লীগের পক্ষ থেকে স্পিকারকে জানানো হয় ৫ জুলাই। তখন থেকে প্রশ্ন উঠেছে, লতিফ সিদ্দিকীর সংসদ সদস্যপদ থাকবে কি না।
সংসদ সচিবালয় সূত্র জানায়, তারা সংবিধান ও আইন পর্যালোচনা করে বিরোধটি নিষ্পত্তির জন্য নির্বাচন কমিশনে পাঠিয়েছে। নির্বাচন কমিশনে স্পিকারের পাঠানো চিঠিতে কোনো মতামত দেওয়া হয়নি। নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণের জন্য আইনের কিছু ধারার উল্লেখ করা হয়েছে। এর মধ্যে রয়েছে সংসদ সদস্যপদ সম্পর্কে সংবিধানের ৬৬ অনুচ্ছেদে বলা আছে, কোনো ব্যক্তি সাংসদ হওয়ার বা থাকার যোগ্য হবেন না, যদি তিনি কোনো আইনের দ্বারা নির্বাচনের অযোগ্য হন। কোনো ব্যক্তির সদস্যপদ নিয়ে বিরোধ দেখা দিলে তা নিষ্পত্তির জন্য নির্বাচন কমিশনে পাঠানো হবে এবং এ ক্ষেত্রে কমিশনের সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত হবে।
সংসদ সদস্য বিরোধ নিষ্পত্তি আইনে (১৯৮১) বলা আছে, কোনো সাংসদের সদস্যপদ নিয়ে বিরোধ দেখা দিলে বিরোধ তৈরি হওয়ার ১৪ দিনের মধ্যে স্পিকার তা শুনানি করে নিষ্পত্তির জন্য নির্বাচন কমিশনে পাঠাবেন। কমিশন স্পিকারের বিবৃতি পাওয়ার ১৪ দিনের মধ্যে বিষয়টি যাঁকে নিয়ে বিরোধ তাঁকে ও বিরোধ উত্থাপনকারী পক্ষকে তাঁদের বক্তব্য লিখিতভাবে দেওয়ার নির্দেশ দেবে। বক্তব্য পাওয়ার পর কমিশন উভয় পক্ষের শুনানি নিয়ে ১২০ দিনের মধ্যে সিদ্ধান্ত জানাবে।
এদিকে গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) ১২ নম্বর ধারায় প্রার্থীর যোগ্যতা ও অযোগ্যতা সম্পর্কে বলা আছে, কোনো ব্যক্তি তিন বছর আগে থেকে নিবন্ধিত রাজনৈতিক দলের সদস্য না হলে তিনি প্রার্থী হওয়ার অযোগ্য হবেন। সংবিধানের ৭০ অনুচ্ছেদে বলা হয়েছে, কোনো সদস্য দল থেকে পদত্যাগ করলে বা সংসদে দলের বিপক্ষে ভোট দিলে তাঁর সদস্যপদ থাকবে না। এই অনুচ্ছেদবলে অষ্টম সংসদে তৎকালীন সরকারি দলের (বিএনপি) সাংসদ আবু হেনার সদস্যপদ স্বতন্ত্র হিসেবে বহাল থাকে। ওই সংসদে সরকারবিরোধী বক্তব্য দেওয়ায় আবু হেনাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছিল।
সপ্তম সংসদে বিএনপির সাংসদ আখতারুজ্জামান দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে সংসদে যোগ দিলে তিনি দল থেকে বহিষ্কৃত হন। তখন তাঁর সংসদ সদস্যপদ থাকবে কি না, এ বিরোধ নিষ্পত্তির জন্য স্পিকার তা নির্বাচন কমিশনে পাঠান। এ ক্ষেত্রে কমিশনের বক্তব্য ছিল, সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী আখতারুজ্জামান সংসদীয় দলের সিদ্ধান্ত অমান্য করে সংসদে যোগ দেন। তখন তাঁর সদস্যপদ বাতিল হয়।
তবে নবম সংসদে জাতীয় পার্টির এইচ এম গোলাম রেজাকে দল থেকে বহিষ্কারের পরও সংসদের মেয়াদ শেষ হওয়ার আগ পর্যন্ত তিনি স্বতন্ত্র সাংসদ হিসেবে ছিলেন। তাঁর বিষয়টি নিষ্পত্তির জন্য তৎকালীন স্পিকার মো. আবদুল হামিদ নির্বাচন কমিশনে পাঠাননি।