লতিফ সিদ্দিকীকে প্রধানমন্ত্রী অব্যাহতি দিয়েছেন: হানিফ
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীকে মন্ত্রিপরিষদ থেকে প্রধানমন্ত্রী অব্যাহতি দিয়েছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। আজ বুধবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি প্রধানমন্ত্রীর এ সিদ্ধান্তের কথা জানান।
মাহবুব উল আলম হানিফ বলেন, ‘লতিফ সিদ্দিকীকে প্রধানমন্ত্রী অব্যাহতির সিদ্ধান্ত নিয়েছেন, যা ইতিমধ্যে কার্যকর করা হয়েছে। এ কারণে মেক্সিকোতে তথ্যপ্রযুক্তিমন্ত্রী হিসেবে তাঁর যে পুরস্কার নেওয়ার কথা ছিল, তা তিনি নেননি। তাঁর বদলে ওই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পুরস্কার গ্রহণ করেছেন।’
দলীয় পদ থেকে লতিফ সিদ্দিকীতে অব্যাহতি দেওয়া হবে কি না, এমন প্রশ্নের জবাবে হানিফ বলেন, ‘দলের কার্যনির্বাহী সংসদের বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত হবে। প্রধানমন্ত্রী দেশে আসলে সব ধরনের সিদ্ধান্তের কথা আপনারা জানতে পারবেন।’
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘আওয়ামী লীগ প্রতিটি ধর্মের প্রতি শ্রদ্ধাশীল। বঙ্গবন্ধুও শ্রদ্ধাশীল ছিলেন। প্রধানমন্ত্রী শত ব্যস্ততার মাঝেও পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেন। তিনি নিজে হজ পালন করেছেন। এর আগে পবিত্র ধর্ম নিয়ে যাঁরাই মন্তব্য করেছেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন তিনি। লতিফ সিদ্দিকী ইসলাম ধর্ম নিয়ে যে মন্তব্য করেছেন, তা দুঃখজনক ও নিন্দনীয়।’
যুক্তরাষ্ট্রে রোববার এক অনুষ্ঠানে সমালোচিত মন্তব্যের পর মেক্সিকোতে যান টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী লতিফ সিদ্দিকী। তাঁর সঙ্গে প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদও যান। সেখানে তথ্যপ্রযুক্তি-বিষয়ক একটি পুরস্কার গ্রহণের কথা ছিল লতিফ সিদ্দিকীর। কিন্তু বুধবার বাংলাদেশ সময় ভোরে মেক্সিকোর গুয়াদালাহারা শহরে তথ্যপ্রযুক্তি-বিষয়ক বিশ্ব সম্মেলনে প্রতিমন্ত্রী জুনাইদ সরকারের পক্ষ থেকে ‘গ্লোবাল আইসিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ পুরস্কার নেন বলে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
আওয়ামী লীগ লতিফ সিদ্দিকীর পদত্যাগ নিয়ে ধূম্রজাল সৃষ্টি করছে, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন মন্তব্যের কঠোর সমালোচনা করেন মাহবুব উল আলম হানিফ। তিনি বলেন, আওয়ামী লীগ কখনো ধূম্রজাল সৃষ্টি করে না। বিএনপিই সব সময় ধূম্রজাল সৃষ্টি করে।
সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘পাকবন্ধু’ ও ‘জাতির হত্যাকারী’ বলায় তাঁকে লম্পট, দুর্নীতিবাজ বলে আ্যখায়িত করেন হানিফ। তিনি বলেন, ‘নষ্ট তারেক রহমান নষ্ট বক্তব্য দিয়ে দেশে নষ্ট পরিবেশ তৈরি করতে চাইছেন। কিন্তু বাংলাদেশের মানুষ এখন তাঁর বক্তব্য বিশ্বাস করে না। তিনি পিতা জিয়াউর রহমানকে মহানায়কের আসনে বসাতে গিয়ে তাঁকে ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষেপ করেছেন।’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী, নির্বাহী সদস্য এস এম কামাল হোসেন প্রমুখ।