লতিফ সিদ্দিকীকে মুক্তি দিতে স্ত্রীর আইনি নোটিশ
সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীকে সাত দিনের মধ্যে মুক্তি দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আইনি নোটিশ পাঠিয়েছেন তাঁর স্ত্রী লায়লা সিদ্দিকী। অন্যথায় আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।
লায়লা সিদ্দিকীর পক্ষে আইনজীবী জ্যোর্তিময় বড়ুয়া গতকাল রোববার আইনসচিব, স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), কারা মহাপরিদর্শক, ঢাকার জেল সুপার, কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার, ঢাকা মহানগর পুলিশ কমিশনার ও ঢাকার মুখ্য মহানগর হাকিম বরাবরে ওই নোটিশ পাঠান।
ডাকযোগে নোটিশ পাঠানো হয় বলে জানান আইনজীবী জ্যোর্তিময় বড়ুয়া। তিনি বলেন, ফৌজদারি কার্যবিধির ১৮৮ ধারা অনুসারে যদি কেউ দেশের বাইরে অপরাধ করে থাকেন, সে ক্ষেত্রে মামলা করতে সরকারের অনুমতি নিতে হবে। লতিফ সিদ্দিকীর কথিত বক্তব্য নিয়ে ৩০টির বেশি মামলা হলেও কোনোটিতেই অনুমতি নেওয়া হয়নি।
গত ২৮ সেপ্টেম্বর নিউইয়র্কে এক অনুষ্ঠানে পবিত্র হজ, তাবলিগ জামাত ও প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়কে নিয়ে মন্তব্য করেন তৎকালীন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী লতিফ সিদ্দিকী। এরপর লতিফ সিদ্দিকী গত ২৫ নভেম্বর রাজধানীর ধানমন্ডি থানায় আত্মসমপর্ণ করেন। পরে তাঁকে আদালতে হাজির করা হয়। একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে ওই দিন তাঁকে কারাগারে পাঠানো হয়। ঢাকার সাতটি মামলার মধ্যে ছয়টিতে গ্রেপ্তার দেখানো হয়েছে।