লতিফ সিদ্দিকীর অপসারণ দাবি হেফাজত ও ইসলামী ঐক্যজোটের
হজ ও মহানবী (স.) সম্পর্কে ডাক ও টেলিযোগাযোগ এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তিমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর আপত্তিকর বক্তব্যে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ ও ইসলামী ঐক্যজোট। ধর্মভিত্তিক সংগঠন দুটি মন্ত্রিসভা থেকে লতিফ সিদ্দিকীকে অপসারণের দাবি জানিয়েছে।
গতকাল সোমবার হেফাজতে ইসলাম এক বিবৃতিতে ২৪ ঘণ্টার মধ্যে আবদুল লতিফ সিদ্দিকীকে মন্ত্রিসভা থেকে বহিষ্কারের দাবি জানায়। একই সঙ্গে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তির দাবি জানায়।
ইসলামী ঐক্যজোট গতকাল বিকেলে রাজধানীর লালবাগ এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। তারা লতিফ সিদ্দিকীর কুশপুত্তলিকা পোড়ায়। ঐক্যজোটের নেতারা লতিফ সিদ্দিকীর বিচার দাবি করেন। অন্যথায় লাগাতার আন্দোলনের হুমকি দেন।
হেফাজতে ইসলামের নেতারা বিবৃতিতে বলেন, প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রাষ্ট্রীয় খরচে বিদেশে গিয়ে আবদুল লতিফ সিদ্দিকী মহানবী (স.)-এর ব্যাপারে জঘন্য কটূক্তি করেছেন। পবিত্র হজ ও হাজিদের ব্যাপারে চরম আপত্তিকর মন্তব্য এবং তাবলিগ জামাতের ব্যাপারে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন। সরকার ও প্রশাসন যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা না নিলে লতিফ সিদ্দিকীর বেলায়ও সালমান রুশদি ও তাসলিমা নাসরিনের পরিণতি অপেক্ষা করছে।
বিবৃতিতে বলা হয়, সরকার যদি লতিফ সিদ্দিকীকে মন্ত্রিসভা থেকে বহিষ্কারসহ দৃষ্টান্তমূলক শাস্তি দিতে ব্যর্থ হয়, তাহলে ২০১৩ সালের মতো নাস্তিকবিরোধী আন্দোলনে নামতে বাধ্য হবে নবীপ্রেমী জনতা।
বিবৃতিদাতারা হলেন হেফাজতে ইসলামের মহাসচিব মাওলানা জুনাইদ বাবুনগরী, জ্যেষ্ঠ নায়েবে আমির মুহিব্বুল্লাহ বাবুনগরী, নায়েবে আমির নূর হোসাইন কাসেমী, শামসুল আলম, শাহ্ আহমদুল্লাহ আশরাফ, আবদুল মালেক হালিম, তাফাজ্জল হোসাইন, মোজাফফর আহমদ, আবদুল হামিদ (মধুপুরের পীর সাহেব) ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী।
ইসলামী ঐক্যজোটের বিক্ষোভ: ইসলামী ঐক্যজোটের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল বিকেলে লালবাগ এলাকায় দলটি বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।
দলের নেতারা বলেন, পবিত্র হজ ও মহানবী (সা.) সম্পর্কে কটূক্তি করেছেন। এর মাধ্যমে তিনি সারা বিশ্বের মুসলমানের অন্তরে আঘাত করেছেন। ৭২ ঘণ্টার মধ্যে এই বক্তব্য প্রত্যাহার করে তওবা না করলে সারা দেশে গণ-আন্দোলন গড়ে উঠবে।
দলের মহানগর কমিটির সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তৃতা করেন ইসলামী ঐক্যজোটের মহাসচিব ফয়জুল্লাহ, ভাইস চেয়ারম্যান আবুল হাসানাত আমিনী প্রমুখ।