লতিফ সিদ্দিকীর আবেদনের ওপর আদেশ আজ
সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর সংসদ সদস্য পদ বাতিলের ক্ষেত্রে নির্বাচন কমিশনের (ইসি) শুনানির এখতিয়ার চ্যালেঞ্জ করে করা রিট আবেদনের ওপর আজ বৃহস্পতিবার আদেশ দেবেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ।
বিচারপতি মো. এমদাদুল হক ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে গতকাল বুধবার এ আবেদনের ওপর শুনানি শেষ হয়। পরে আদালত আদেশের দিন ধার্য করেন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা। এর আগে গত সোমবার লতিফ সিদ্দিকীর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী কামরুল হক সিদ্দিকী। তাঁকে সহযোগিতা করেন জ্যোতির্ময় বড়ুয়া।
গত বছরের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে এক অনুষ্ঠানে হজ নিয়ে বিরূপ মন্তব্য করায় লতিফ সিদ্দিকীর মন্ত্রিত্ব যায়। একই সঙ্গে নিজ দল আওয়ামী লীগ থেকে তিনি বহিষ্কৃত হন। দল থেকে বহিষ্কারের পর তাঁর সংসদ সদস্য পদ থাকবে কি না, তা মীমাংসার জন্য গত ১৩ জুলাই প্রধান নির্বাচন কমিশনারকে চিঠি দেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। কমিশন ২৩ আগস্ট এ বিষয়ে শুনানির জন্য লতিফ সিদ্দিকীকে ডেকেছেন।
এরপর লতিফ সিদ্দিকী গত রোববার হাইকোর্টে রিট আবেদন করেন। এতে নির্বাচন কমিশনকে দেওয়া স্পিকারের চিঠির কার্যকারিতা স্থগিতের আরজি জানানো হয়। একই সঙ্গে ওই চিঠি কেন অবৈধ ও অকার্যকর ঘোষণা করা হবে না, তা জানতে রুলের আরজি জানানো হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার, আইনসচিব, কমিশন সচিবালয়ের উপসচিব (আইন) ও স্পিকারকে রিট আবেদনে বিবাদী করা হয়েছে।