লতিফ সিদ্দিকীর গ্রেপ্তারের বিষয় সংসদকে জানালেন স্পিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক মন্ত্রী ও সরকারদলীয় সাংসদ আবদুল লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তারের বিষয়টি সংসদকে অবহিত করেছেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। আজ রোববার দশম সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী দিনের শুরুতে স্পিকার সংসদকে এ তথ্য জানান।

স্পিকার বলেন, আদালত থেকে লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তারের বিষয়টি তাঁকে জানানো হয়েছে।

সংসদের কার্যপ্রণালিবিধি অনুযায়ী কোনো সাংসদ গ্রেপ্তার হলে গ্রেপ্তারকারী কর্তৃপক্ষ বিষয়টি অবিলম্বে স্পিকারকে জানাবেন এবং স্পিকার তা সংসদকে জানাবেন।

সংসদ সচিবালয় থেকে জানানো হযেছে, ১০ কার্যদিবস স্থায়ী এই অধিবেশনে সাতটি বিল পাস হয়েছে। প্রধানমন্ত্রীর উত্তর দেওয়ার জন্য মোট ১৩৬টি প্রশ্ন পাওয়া যায়, এর মধ্যে তিনি ১৭টি প্রশ্নের উত্তর দেন। বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীদের উত্তর দেওয়ার জন্য মোট দুই হাজার ১২৪টি প্রশ্ন পাওয়া যায়। এর মধ্যে মন্ত্রীরা উত্তর দিয়েছেন এক হাজার সাতটির।

এ ছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও একবার জাতিসংঘের দেওয়া সাউথ সাউথ পুরস্কার পাওয়ায় আজ সংসদে ধন্যবাদ প্রস্তাব গৃহীত হয়েছে। প্রস্তাবটি সংসদে উত্থাপন করেন ফজলে নূর তাপস।

এ-সংক্রান্ত আলোচনায় সরকারি দলের পাশাপাশি বিরোধী দলের সদস্যরাও প্রধানমন্ত্রীর প্রশংসা করেন। তাঁরা বলেন, প্রধানমন্ত্রী সামাজিক নিরাপত্তাবেষ্টনীর মাধ্যমে দেশের দরিদ্র জনগোষ্ঠীর জীবনমানের উন্নয়ন ঘটিয়েছেন।

প্রস্তাবের ওপর আলোচনা করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, আলী আশরাফ, আবদুল মতিন খসরু, বিমানমন্ত্রী রাশেদ খান মেনন, ফারুক খান, আবদুস শহীদ, হাছান মাহমুদ, জাসদের মঈন উদ্দীন খান বাদল, বিরোধীদলীয় চিফ হুইপ তাজুল ইসলাম চৌধুরী, স্বতন্ত্র সাংসদ হাজি সেলিম ও রুস্তম আলী ফরাজী, জাতীয় পার্টির রুহুল আমিন হাওলাদার প্রমুখ।