লতিফ সিদ্দিকীর জামিন নামঞ্জুর
পবিত্র হজ ও তাবলিগ জামাত নিয়ে কটূক্তি করে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে করা মামলায় সাবেক ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
অসুস্থ লতিফকে হাজির না করায় অভিযোগ গঠনের বিষয়ে শুনানির জন্য আগামী ১৫ মার্চ নতুন দিন ধার্য করা হয়েছে। গতকাল রোববার ঢাকা মহানগর হাকিম আসাদুজ্জামান নূর এদিন ধার্য করেন।
গত ৩০ নভেম্বর আদালত লতিফ সিদ্দিকীর উপস্থিতিতে ৭ ডিসেম্বর অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য করেছিলেন।
গতকাল লতিফ সিদ্দিকীর জামিনের আবেদন দাখিল করে আইনজীবী জ্যোর্তিময় বড়ুয়া বলেন, তিনি (লতিফ) অসুস্থ। জামিনযোগ্য ধারার মামলা। আবেদনকারী জামিন পেতে পারেন। অভিযোগ বিষয়ে প্রস্তুতির জন্য আইনজীবী দুই মাস সময়ের আবেদন জানান।
শুনানিতে মামলার বাদী আইনজীবী আবেদ রেজা বলেন, অসুস্থ বলা হয়েছে। কোথায়, কী অবস্থা তা বলা হয়নি। তাঁকে (লতিফ) হাজির করা হয়নি। তারিখ এড়ানোর জন্য প্রতারণা করা হয়েছে। জামিন আবেদনের বিরোধিতা করে তিনি বলেন, এটি সাধারণভাবে দেখলে হবে না, এটি ধর্মীয় অনুভূতির বিষয়।
ঢাকা আইনজীবী সমিতির সভাপতি মহসীন মিয়া বলেন, আসামি উপস্থিত নেই। যে কথা বলেছেন, তা তিনি প্রত্যাহারও করেননি। মুসলমানদের বিরুদ্ধে কথা বলেছেন, অনুকম্পা পেতে পারেন না। আইনজীবীদের পক্ষ থেকে অপরাধের ধরন বিবেচনা করে জামিন নামঞ্জুর করার প্রার্থনা করছি।
এ পর্যায়ে জ্যোর্তিময় বড়ুয়া বলেন, বিচার পর্যায়ে বক্তব্যের বিষয়ে বলা হবে। পরে বাদীর আইনজীবী মো. কাজী আবদুস সেলিম বলেন, ‘ওই বক্তব্যে আমরা মুসলমানেরা আঘাত পেয়েছি। দরখাস্তে রেসপেকটিভ ফ্যামিলির কথা বলা হলেও দরখাস্তে ও শারীরিক আচরণে অনুতপ্ত হওয়ার বিষয়টি নেই।’ পরে আদালত জামিন নামঞ্জুর করে ১৫ মার্চ দিন ধার্য করেন।
লতিফ সিদ্দিকী গত ২৫ নভেম্বর রাজধানীর ধানমন্ডি থানায় আত্মসমপর্ণ করেন। গত ২ অক্টোবর আইনজীবী আবেদ রেজার করা মামলায় লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। ২৫ নভেম্বর ঢাকার মহানগর হাকিম লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এই মামলাসহ লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে রাজধানী ঢাকায় সাতটিসহ বিভিন্ন স্থানে মোট ২২টি মামলা হয়। এর মধ্যে ঢাকার চারটিসহ ১১টি মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। ১২ অক্টোবর তাঁকে মন্ত্রিসভা থেকে অপসারণ করা হয়। তিনি দলীয় পদও হারান।
গত ২৮ সেপ্টেম্বর নিউইর্য়কে এক অনুষ্ঠানে পবিত্র হজ, তাবলিগ জামাত ও প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়কে নিয়ে বিরূপ মন্তব্য করেন তৎকালীন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী লতিফ সিদ্দিকী।