লতিফ সিদ্দিকীর বক্তব্যের নিন্দা-প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পবিত্র হজ ও তাবলিগ জামাত নিয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিভিন্ন সংগঠন।
এর মধ্যে হেফাজতে ইসলাম লতিফ সিদ্দিকীকে ‘মুরতাদ’ ঘোষণা ও তাঁর ফাঁসির দাবি করেছে। সংগঠনটি আগামীকাল বৃহস্পতিবার বাদ আসর রাজধানী ঢাকায় ও পরদিন শুক্রবার বাদ জুমা সারা দেশে বিক্ষোভ কর্মসূচি দিয়েছে।
গতকাল মঙ্গলবার সকালে রাজধানীর বারিধারার মাদ্রাসায় সংবাদ সম্মেলন করে এই কর্মসূচি ঘোষণা করেন হেফাজতে ইসলামের ঢাকা মহানগর কমিটির আহ্বায়ক মাওলানা নূর হোসাইন কাসেমী। তিনি বলেন, হজ ইসলামের অবিচ্ছেদ্য অঙ্গ। এটা অস্বীকার করলে কেউ মুসলমান থাকতে পারে না। এর বিরুদ্ধে কটূক্তি করে লতিফ সিদ্দিকী মুরতাদ হয়ে গেছেন।
বিকেলে রাজধানীর লালবাগ এলাকায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল করে হেফাজতে ইসলাম। সমাবেশ থেকে লতিফ সিদ্দিকীর ফাঁসি দাবি করা হয়।
সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সমাবেশে হেফাজতের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুফতি ফয়জুল্লাহ বলেন, কোরআন-হাদিসে মুরতাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। লতিফ সিদ্দিকীকে ফাঁসি দিতে হবে।
বাংলাদেশ ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মিছবাহুর রহমান চৌধুরী এক বিবৃতিতে বলেন, সরকারের উচিত হবে দেশের মাটিতে পা রাখার সঙ্গে সঙ্গে লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার করে কারাগারে নেওয়া।
লতিফ সিদ্দিকীর মন্তব্যের আরও প্রতিবাদ জানিয়েছে ঢাকা বার অ্যাসোসিয়েশন, সুন্নি আন্দোলন, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (বাংলাদেশ ন্যাপ), ন্যাশনাল পিপল পার্টি, ডেমোক্রেটিক লীগ, বাংলাদেশ ইউনাইটেড ইসলামী পার্টি, বাংলাদেশ মুসলিম লীগ, ইন্ডিয়ান বংশোদ্ভূত উদুর্ভাষী সংখ্যালঘু কাউন্সিল বাংলাদেশ, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), শিক্ষক-কর্মচারী ঐক্যজোটসহ বিভিন্ন সংগঠন।