লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ৭ ডিসেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পবিত্র হজ ও তাবলিগ নিয়ে কটূক্তি করে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে করা মামলায় সাবেক ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর উপস্থিতিতে ৭ ডিসেম্বর অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য করেছেন আদালত। গতকাল রোববার ঢাকার মহানগর হাকিম আসাদুজ্জামান নূর এ তারিখ ধার্য করেন।
লতিফ সিদ্দিকী গত ২৫ নভেম্বর দুপুরে রাজধানীর ধানমন্ডি থানায় আত্মসমর্পণ করেন। পরে পুলিশ তাঁকে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করে। আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। মামলাটি বিচারের জন্য প্রস্তুত হওয়ায় তা অন্য আদালতে পাঠানো হয়। সংশ্লিষ্ট আদালত মামলাটি নিয়ে এ তারিখ ধার্য করেন।
গত ২৮ সেপ্টেম্বর নিউইয়র্কে এক অনুষ্ঠানে পবিত্র হজ, তাবলিগ জামাত ও প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়কে নিয়ে মন্তব্য করেন তৎকালীন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী লতিফ সিদ্দিকী। এ নিয়ে লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে রাজধানী ঢাকায় সাতটিসহ বিভিন্ন স্থানে মোট ২২টি মামলা হয়। এর মধ্যে ঢাকার চারটিসহ ১১টি মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। ১২ অক্টোবর তাঁকে মন্ত্রিসভা থেকে অপসারণ করা হয়। তিনি দলীয় পদও হারান।