লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে আরও একটি মামলা, হাজির হতে সমন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লতিফ সিদ্দিকী
লতিফ সিদ্দিকী
ফাইল ছবি।

সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে কিশোরগঞ্জ আদালতে আরও একটি মামলা হয়েছে। আজ বুধবার দুপুরে আবুল কাউছার খান নামের এক আইনজীবী বাদী হয়ে আমল গ্রহণকারী আদালত নম্বর-১-এ মামলাটি করেন।

আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আলাউল আকবর মামলাটি গ্রহণ করে আগামী ১০ ডিসেম্বর লতিফ সিদ্দিকীকে আদালতে হাজির হতে সমন জারি করেন।

এর আগে গত সোমবার একই আদালতে কামরুল ইসলাম নামের আরেক আইনজীবী লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে মামলা করেন।

আবুল কাউছার খানের দায়ের করা মামলার এজাহারে বলা হয়, সজীব ওয়াজেদ জয় দেশের সর্বজনসম্মানিত ব্যক্তি। তিনি বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের নাতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে। একই সঙ্গে তিনি প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা।

চলতি বছরের ২৮ সেপ্টেম্বর নিউইয়র্কের একটি অনুষ্ঠানে লতিফ সিদ্দিকী এমন একজন নাগরিক সম্পর্কে বলেছেন, ‘জয় কে, সে সরকারের কোন সিদ্ধান্ত নিতে পারে।’ লতিফ সিদ্দিকীর এই উক্তি একটি বেসরকারি টেলিভিশনের মাধ্যমে তিনি (বাদী) শুনেছেন। স্বাধীন দেশের নাগরিক হিসেবে দেশের সর্বজনসম্মানিত ব্যক্তি সম্পর্কে এমন উক্তি করায় তাঁর মানহানি হয়েছে বলে তিনি মনে করেন।

আবুল কাউছার খান বলেন, ‘একজন সম্মানিত নাগরিকের সম্মান রক্ষা করা আর সম্মান নষ্টকারীকে প্রতিহত করা নাগরিক দায়িত্ব। ওই দায়িত্ববোধ থেকে আমি মামলা করতে উদ্যোগী হই।’

সোমবার আইনজীবী ইসলামের দায়ের করা মামলার এজাহারে বলা হয়, ধর্মের মূল পাঁচটি স্তম্ভের একটি হলো হজ। আর এ হজ সম্পর্কে আসামি আবদুল লতিফ সিদ্দিকী কটূক্তি করেছেন। তাবলিগ জামাত সম্পর্কেও একই মন্তব্য করেন। লতিফ সিদ্দিকীর এমন মন্তব্য ইসলাম ধর্মের অবমাননার শামিল।

মামলার বাদী কামরুল ইসলাম বলেন, ‘আমার বিশ্বাস, নিউইয়র্কে দেওয়া লতিফ সিদ্দিকীর বক্তব্য বিশ্বের ইসলাম ধর্মের অনুসারীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে। আমিও আঘাতপ্রাপ্ত হই।’ ধর্মীয় চেতনা থেকে লতিফ সিদ্দিকীর বিচার চেয়ে তিনি আইনের আশ্রয় নেন বলে জানান।