লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে আরেক মামলায় পরোয়ানা
ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে করা আরেকটি মামলায় সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। গতকাল সোমবার ঢাকার মহানগর হাকিম মেহের নিগার সূচনা এ আদেশ দেন।
এর আগে ১৫ অক্টোবর একই অভিযোগে করা অন্য একটি মামলায় লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।
গতকাল ওই মামলায় লতিফ সিদ্দিকীর হাজির হওয়ার দিন ধার্য ছিল। তিনি আদালতে হাজির না হওয়ায় বাদীপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন। আগামী ২৭ নভেম্বর তাঁকে গ্রেপ্তারসংক্রান্ত প্রতিবেদন দাখিলের জন্য সংশ্লিষ্ট থানার পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।
নিউইয়র্কে গত ২৯ সেপ্টেম্বর এক অনুষ্ঠানে পবিত্র হজ ও তাবলিগ জামাত নিয়ে মন্তব্য করায় ধর্মীয় অনুভূতিতে আঘাত ও ইসলামের অবমাননার অভিযোগে ওলামা লীগের নেতা আবু বক্কর সিদ্দিক ২ অক্টোবর আদালতে এ মামলা করেন।