লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে আরেকটি মামলায় পরোয়ানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পবিত্র হজ ও তাবলিগ জামাত নিয়ে কটূক্তি করে ধর্মীয় অনুভূতিতে আঘাত ও অবমাননার অভিযোগে করা আরেকটি মামলায় সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। বাদীর আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম আতিকুর রহমান এই আদেশ দেন।
চলতি মাসের শুরুতে আইনজীবী এম এ জাবেদ আদালতে নালিশি এই মামলা করেন। গতকাল এ মামলায় লতিফ সিদ্দিকীর হাজির হওয়ার দিন ধার্য ছিল। কিন্তু তিনি আদালতে হাজির হননি। বাদী এম এ জাবেদ এ কারণে লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেন। এই আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন। আগামী ৩০ নভেম্বর পরোয়ানা জারিসংক্রান্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য করা হয়েছে।
এর আগে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে করা দুটি মামলায় লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। এ ছাড়া তাঁর বিরুদ্ধে আরও কয়েকটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
গত ২৯ সেপ্টেম্বর নিউইয়র্কের জ্যাকসন হাইটসে এক মতবিনিময় সভায় লতিফ সিদ্দিকী পবিত্র হজ, তাবলিগ জামাত নিয়ে মন্তব্য করেন।