লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে কুমিল্লায় সমন জারি
পবিত্র হজ, মহানবী হজরত মুহাম্মদ (সা.) ও তাবলিগ জামায়াত সম্পর্কে আপত্তিকর মন্তব্য করায় সাবেক পাটমন্ত্রী ও সাংসদ আবদুল লতিফ সিদ্দিকীকে আগামী ২৫ আগস্ট কুমিল্লার আদালতে হাজির হতে সমন জারি করা হয়েছে। গতকাল সোমবার কুমিল্লার ৭ নম্বর আমলি আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মুনতাছির আহম্মেদ এ সমন জারি করেন।
মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, গত বছরের ২৯ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের একটি অনুষ্ঠানে পবিত্র হজ, মহানবী হজরত মুহাম্মদ (সা.) ও তাবলিগ জামায়াত সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেন আবদুল লতিফ সিদ্দিকী। যা মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার শামিল। এর পরিপ্রেক্ষিতে ২০১৪ সালের ২১ অক্টোবর কুমিল্লার চান্দিনা উপজেলার সালচর গ্রামের বাসিন্দা ও শিক্ষানবিশ আইনজীবী মো. মিজানুর রহমান আদালতে একটি মামলা দায়ের করেন। মামলায় লতিফ সিদ্দিকীকে আসামি করা হয়। ওই মামলায় এই সমন জারি করা হয়। বাদীর আইনজীবী এস টি আহমদ ফয়সাল ও জিয়াউল হাসান সোহাগ বিষয়টি নিশ্চিত করেন।
আবদুল লতিফ সিদ্দিকী ওই মন্তব্য করার পর মন্ত্রিত্ব হারান। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন। ওই মন্তব্যের কারণে সারা দেশে তাঁর বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা হয়।