লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখছে দুদক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডাক, তার, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আর এ বিষয়ে আনুষ্ঠানিক অনুসন্ধানের বিষয়টি নির্ভর করছে তাঁর বিরুদ্ধে সরকার কী পদক্ষেপ নেয়, তার ওপর।
গতকাল বৃহস্পতিবার দুদকের চেয়ারম্যান মো. বদিউজ্জামান তাঁর কার্যালয়ে সাংবাদিকদের বলেন, অনুসন্ধানের বিষয়ে কমিশন এখনো সিদ্ধান্ত নেয়নি। তবে বিষয়টি তাঁদের ভাবনায় রয়েছে।
তবে নাম প্রকাশ না করার শর্তে দুদকের উচ্চপর্যায়ের একাধিক কর্মকর্তা বলেছেন, এরই মধ্যে লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের বিষয়ে তথ্য সংগ্রহ ও তা খতিয়ে দেখা শুরু করেছে সংস্থাটি।
সূত্রগুলো জানায়, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সম্পত্তি বেসরকারীকরণের ক্ষেত্রে আইন ও বিধি মানা হয়েছে কি না এবং চুক্তির শর্ত মেনে সম্পত্তি হস্তান্তর করা হয়েছে কি না, তা যাচাই করার জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক পবন চৌধুরীর নেতৃত্বে গঠিত কমিটির প্রতিবেদনটি ইতিমধ্যে দুদকের হাতে এসেছে। প্রতিবেদনটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও পর্যালোচনা করে কোন কোন বিষয়ে অনুসন্ধান করা যায়, তা নির্ধারণের জন্য একাধিক কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।
এ ছাড়া সংবাদমাধ্যমে প্রকাশিত লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের বিষয়েও তথ্য সংগ্রহ করে বিশ্লেষণ করা হচ্ছে।
দুদকের কমিশনার নাসির উদ্দিন আহমেদ বলেন, নথিপত্রের মাধ্যমে কেউ দুর্নীতি করলে সেটা প্রমাণ করা সহজ হয়। প্রভাবশালীদের ক্ষেত্রে যেকোনো অভিযোগ তদন্তের সময় সুনির্দিষ্ট প্রমাণ জোগাড় করতে না পারলে ব্যবস্থা নেওয়া কঠিন হয়। পরে তাঁদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করাও কঠিন।
গত ২৮ সেপ্টেম্বর নিউইয়র্কে টাঙ্গাইল সমিতির সঙ্গে মতবিনিময়কালে লতিফ সিদ্দিকী পবিত্র হজ, তাবলিগ জামাত, প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয় ও সাংবাদিকদের সম্পর্কে নানা মন্তব্য করেন। তাঁর মন্তব্যে বিভিন্ন মহলে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। এ ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও ঘোষণা দিয়েছেন।
দল ও মন্ত্রিসভা থেকে লতিফ সিদ্দিকীকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত হওয়ার পর দুদক সক্রিয় হতে পারে বলে সূত্রগুলো জানায়। পাশাপাশি বিষয়টি নিয়ে সরকারের মনোভাব কী, সেটাও বোঝার চেষ্টা করা হচ্ছে।
দুদকের কমিশনার মো. শাহাবুদ্দিন বলেন, ‘আমরা কারও জন্য অপেক্ষা করছি না। অনুসন্ধানের বিষয়ে কমিশনের বৈঠকেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’