লতিফ সিদ্দিকীর বিষয়ে ইসির সিদ্ধান্ত ৬ সেপ্টেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক মন্ত্রী ও সরকারি দলের সাংসদ আবদুল লতিফ সিদ্দিকীর সংসদ সদস্যপদ থাকবে কি থাকবে না, সে বিষয়ে ৬ সেপ্টেম্বর সিদ্ধান্ত জানাবে নির্বাচন কমিশন। আজ রোববার এ-সংক্রান্ত শুনানি শেষে কমিশন এ সিদ্ধান্ত নেয়।

তবে শুনানিতে উপস্থিত হয়ে লতিফ সিদ্দিকী কমিশনকে জানান, তিনি আর আইনি লড়াই করবেন না। তিনি নিজেই সংসদ সদস্যপদ ত্যাগ করবেন এবং এ জন্য স্পিকার বরাবরে চিঠি পাঠাবেন। সুতরাং শুনানির প্রয়োজন নেই।

শুনানিতে লতিফ সিদ্দিকীর পক্ষে তাঁর আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া উপস্থিত ছিলেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘শুনানি হয়নি। আমরা বলেছি, লতিফ সিদ্দিকী পদত্যাগ করবেন। সুতরাং শুনানির প্রয়োজন নেই। এ মর্মে কমিশনে লিখিত আবেদন করেছি।’

নির্বাচন কমিশনের সম্মেলন কক্ষে এ শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে লতিফ সিদ্দিকী সাংবাদিকদের বলেন, ‘যেহেতু আমার নেত্রী চান না আমি সংসদে থাকি, তাই আমি নিজেই পদত্যাগ করব। এ নিয়ে আর শুনানির প্রয়োজন নেই বলে কমিশনকে বলেছি।’ তিনি দাবি করেন, হজ ও তাবলীগ জামাত নিয়ে তাঁর মন্তব্য খণ্ডিতভাবে গণমাধ্যমে উপস্থাপন করা হয়েছে।

জানতে চাইলে নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব সিরাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, লতিফ সিদ্দিকী শুনানিতে উপস্থিত হয়ে তাঁর বক্তব্য তুলে ধরেছেন। কমিশন তাঁর কথা শুনেছে। অপরদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের পক্ষে তাঁর আইনজীবী এ বি এম রিয়াজুল কবির কায়সার কেন লতিফ সিদ্দিকীর সদস্যপদ থাকবে না, সে বিষয়ে বক্তব্য তুলে ধরেন। সদস্যপদ থাকা না-থাকার বিষয়ে কমিশন ৬ সেপ্টেম্বরের পর তার সিদ্ধান্ত জানাবে।

লতিফ সিদ্দিকী আজ রোববার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে শুনানি শেষে বেরিয়ে আসছেন। ছবি: সাজিদ হোসেন
লতিফ সিদ্দিকী আজ রোববার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে শুনানি শেষে বেরিয়ে আসছেন। ছবি: সাজিদ হোসেন

লতিফ সিদ্দিকী পদত্যাগ করলে শুনানির প্রয়োজন হবে কি না, জানতে চাইলে নির্বাচন কমিশনার আবদুল মোবারক প্রথম আলোকে বলেন, লতিফ সিদ্দিকী পদত্যাগ করলে তো আর বিরোধের নিষ্পত্তি হয়ে যাচ্ছে না। যেহেতু আদালত নির্দেশ দিয়েছেন, সুতরাং এ বিষয়ে কমিশনকে সিদ্ধান্ত নিতেই হবে।

আজ শুনানি গ্রহণ করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ, কমিশনার আবদুল মোবারক, আবু হাফিজ, জাবেদ আলী ও মো. শাহ নেওয়াজ। এ ছাড়া উপস্থিত ছিলেন কমিশন সচিবালয়ের সচিব সিরাজুল ইসলাম, যুগ্মসচিব (আইন) মোহাম্মদ শাহজাহান।

ইসির এই শুনানির এখতিয়ার চ্যালেঞ্জ করে লতিফ সিদ্দিকী রিট করলে গত বৃহস্পতিবার তা খারিজ করে দেন হাইকোর্ট। পরে ওই দিনই লতিফ সিদ্দিকী হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল নিয়ে চেম্বার আদালতে যান। চেম্বার আদালত আজ শুনানি শেষে হাইকোর্টের রায় বহাল রাখেন।

গত বছরের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে এক অনুষ্ঠানে হজ ও তাবলীগ জামাত নিয়ে কটূক্তি করায় লতিফ সিদ্দিকীর মন্ত্রিত্ব চলে যায়। একই সঙ্গে নিজ দল আওয়ামী লীগ থেকে তিনি বহিষ্কৃত হন। দল থেকে বহিষ্কারের পর লতিফ সিদ্দিকীর সংসদ সদস্য পদ থাকবে কি না, তা মীমাংসার জন্য গত ১৩ জুলাই প্রধান নির্বাচন কমিশনারকে চিঠি দেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী।