লতিফ সিদ্দিকীর শাস্তি চেয়ে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মন্ত্রী লতিফ সিদ্দিকীর ফাঁসির দাবিতে মিছিল ও সমাবেশ করে হেফাজতে ইসলাম বাংলাদেশ। ছবিটি গতকাল বেলা আড়াইটায় চেরাগী পাহাড় থেকে তোলা l প্রথম আলো
মন্ত্রী লতিফ সিদ্দিকীর ফাঁসির দাবিতে মিছিল ও সমাবেশ করে হেফাজতে ইসলাম বাংলাদেশ। ছবিটি গতকাল বেলা আড়াইটায় চেরাগী পাহাড় থেকে তোলা l প্রথম আলো

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর শাস্তির দাবি করে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ করেছে বিভিন্ন ইসলামি সংগঠন।
গতকাল শুক্রবার বাদ জুমা জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ ও আন্দরকিল্লা জুমা মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের হয়। পরে সমাবেশ থেকে লতিফ সিদ্দিকীর ফাঁসি দাবি করা হয়।
বাদ জুমা আন্দরকিল্লা শাহি জামে মসজিদ থেকে হেফাজতে ইসলাম একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি চট্টগ্রাম প্রেসক্লাবে গিয়ে শেষ হয়। এর আগে শাহি জামে মসজিদের সামনে একটি সমাবেশ হয়। এতে সভাপতিত্ব করেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব লোকমান হাকিম। বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মাওলানা মঈনুদ্দিন রুহী, সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, অর্থ সম্পাদক মাওলানা কাতেব ইলিয়াছ ওসমানী প্রমুখ।
মসজিদ চত্বরের সমাবেশে বক্তারা বলেন, বর্তমান সরকারের আমলে নাস্তিক্যবাদ দেশের প্রতিটি স্তরে প্রবেশ করেছে। ফলে দেশের গুটি কয়েক নাস্তিক-মুরতাদ মহান আল্লাহ ও রাসুলে করিম (সা.) এবং ইসলাম নিয়ে বিরূপ মন্তব্য করতে সাহস পাচ্ছে। এর ধারাবাহিকতায় আবদুল লতিফ সিদ্দিকীর মতো একজন দায়িত্বশীল ব্যক্তি মহানবী (সা.), পবিত্র হজ এবং তাবলিগ জামাত নিয়ে কুরুচিকর বক্তব্য দিতে সাহস পেয়েছেন।
বক্তারা ইসলাম অবমাননাকারীদের মৃত্যুদণ্ডের বিধান রেখে সংসদে আইন পাস করার দাবি জানান। মুরদাত লতিফ সিদ্দিকীকে মন্ত্রী, সংসদ ও দল থেকে বহিষ্কার করলে হবে না। প্রকাশ্যে তাঁকে ফাঁসিতে ঝোলাতে হবে। সরকার লতিফ সিদ্দিকীসহ ইসলামবিরোধী মুরতাদদের বিচার করতে ব্যর্থ হলে ক্ষমতার মসনদে থাকতে দেওয়া হবে না। ইসলাম ও মহানবী (সা.)-এর ব্যাপারে বিরূপ মন্তব্যকারীদের এ দেশের মাটিতে পা রাখতে দেওয়া হবে না।
এদিকে একই দাবিতে জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ থেকে আরেকটি বিক্ষোভ মিছিল বের করে গাউসিয়া কমিটি বাংলাদেশ, চট্টগ্রাম মহানগর। এই মিছিলটিও চট্টগ্রাম প্রেসক্লাবে গিয়ে শেষ হয়। সেখানে নগর গাউসিয়া কমিটির সভাপতি আবুল মনসুরের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি গাউসিয়া কমিটি বাংলাদেশের কেন্দ্রীয় চেয়ারম্যান পেয়ার মোহাম্মদ ও কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মোছাহেব উদ্দিন বখতেয়ার বক্তব্য দেন।
প্রেসক্লাবের সমাবেশে গাউসিয়া কমিটির নেতারা বলেন, লতিফ সিদ্দিকী সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশের একজন মন্ত্রী ও সাংসদ হয়ে ইসলামের মৌলিক রোকন পবিত্র হজ ও মহানবী (সা.)-এর শানে কটূক্তিমূলক বক্তব্য দিয়েছেন। এতে মুসলমান হিসেবে তাঁর আর কোনো পরিচয় রইল না। তিনি মুরতাদ, তাঁর শাস্তি অবশ্যই মৃত্যুদণ্ড।
বক্তারা প্রধানমন্ত্রীর তাৎক্ষণিক পদক্ষেপের প্রশংসা করে বলেন, শুধু কেবিনেট ও দল থেকে বহিষ্কার করলে হবে না। লতিফ সিদ্দিকীকে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে এনে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।