লতিফ সিদ্দিকীর সংসদ সদস্যপদ আপাতত থাকছে: চিফ হুইপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হজ নিয়ে আপত্তিকর মন্তব্য করে মন্ত্রিসভা থেকে অপসারিত আবদুল লতিফ সিদ্দিকীর সংসদ সদস্যপদ আপাতত থাকছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ। স্পিকার শিরীন শারমিন চৌধুরী কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ) চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় তাঁকে সংবর্ধনা দেওয়া-সংক্রান্ত সংবাদ ব্রিফিংয়ে গতকাল মঙ্গলবার তিনি এ কথা বলেন।
সংসদের মিডিয়া সেন্টারে অনুষ্ঠিত ব্রিফিংয়ে আ স ম ফিরোজ বলেন, সংসদ সদস্যপদ বাতিলের বিদ্যমান যে আইন আছে, তা আবদুল লতিফ সিদ্দিকীর ক্ষেত্রে প্রযোজ্য নয়। কারণ তিনি দলের বিরুদ্ধে ভোট দেননি, পদত্যাগ করেননি এবং দলীয় সিদ্ধান্তের বাইরেও সংসদে কিছু করেননি। যে কারণে তাঁর বিষয়টি ‘ফ্লোর ক্রসিং’-এর আওতায় পড়ে না।
চিফ হুইপ বলেন, লতিফ সিদ্দিকীকে নিয়ে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, সে বিষয়ে সংবিধান বা সংসদের কার্যপ্রণালি বিধিতে সুস্পষ্টভাবে কিছু বলা নেই। এ বিষয়ে যদি কোনো বিতর্ক সৃষ্টি হয়, সে ক্ষেত্রে স্পিকার দেশে আসার পর আইন বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেওয়া হবে।
আ স ম ফিরোজ জানান, স্পিকার শিরীন শারমিন চৌধুরী সিপিএর নির্বাহী কমিটির চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় সংসদ সচিবালয় তাঁকে সংবর্ধনা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ২২ অক্টোবর সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এ সংবর্ধনা সভা হবে। এতে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্পিকার দেশে ফিরবেন ২১ অক্টোবর।