লতিফ সিদ্দিকীর সঙ্গে এক স্বজন ও আইনজীবীর সাক্ষাৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কারাবাসের দ্বিতীয় দিনে গতকাল বুধবার সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীর সঙ্গে তাঁর আইনজীবী ও এক আত্মীয়া দেখা করেছেন। আধা ঘণ্টা তাঁরা লতিফ সিদ্দিকীর সঙ্গে কথা বলার সুযোগ পান। 
ঢাকা কেন্দ্রীয় কারাগারের সূত্র জানায়, বেলা একটার দিকে কারাগারে আসেন সাবেক এই মন্ত্রীর ভাতিজি এবং সহকারীসহ একজন আইনজীবী। ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার স্বার্থে কর্তৃপক্ষ তাঁদের নাম জানায়নি।
কারা সূত্র জানায়, গতকাল বেলা সাড়ে ১১টার দিকে কেন্দ্রীয় কারাগারে আসেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি কারাগারের ভেতরে নারী বন্দীদের জন্য ‘বিউটি পারলার’ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন। জার্মান উন্নয়ন সংস্থা জিআইজেড ও ঢাকা আহ্ছানিয়া মিশনের সহায়তায় ফারজানা শাকিলের চারজন প্রশিক্ষক প্রথম ধাপে ২০ জন নারীকে প্রশিক্ষণ দেবেন।
বেলা পৌনে একটার দিকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী চলে যাওয়ার পর জেল সুপারের পাশের কক্ষে লতিফ সিদ্দিকীকে নিয়ে আসা হয়। সেখানেই একজন উপ-কারা তত্ত্বাবধায়কের উপস্থিতিতে তিনি তাঁর আত্মীয়া ও আইনজীবীর সঙ্গে কথা বলেন। সূত্র জানায়, উচ্চ আদালতে জামিন চাওয়ার বিষয়ে আইনজীবীর সঙ্গে কথা বলেছেন লতিফ সিদ্দিকী।
এ ছাড়া গতকাল ডিভিশন পাওয়া বন্দীদের জন্য নির্ধারিত ২৬ সেলের একটি কক্ষে থাকা লতিফ সিদ্দিকীকে কাজকর্মে সহায়তা করার জন্য একজন বন্দীকে নিয়োগ করা হয়েছে। লতিফ সিদ্দিকীকে পৃথক রান্নার চুলাও দেওয়া হয়েছে।
জানতে চাইলে কারাধ্যক্ষ নেসার আলম প্রথম আলোকে বলেন, তিনি ডিভিশন (বিশেষ মর্যাদা) পাওয়া বন্দী। কারাবিধি অনুযায়ী প্রাপ্য সবকিছু পাবেন তিনি।