আবদুল লতিফ সিদ্দিকীর জাতীয় সংসদের সদস্যপদ বাতিল ও অবিলম্বে তাঁকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন সাংসদেরা।
জাতীয় সংসদে গতকাল সোমবারের অধিবেশনে মাগরিবের নামাজের বিরতির পর অনির্ধারিত আলোচনায় প্রধান বিরোধী দল জাতীয় পার্টি ও স্বতন্ত্র সাংসদেরা এ দাবি জানান। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে উপস্থিত ছিলেন না।
গতকাল এ বিষয়ে আলোচনার সূত্রপাত করেন জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহম্মেদ বাবলু। তিনি আবদুল লতিফ সিদ্দিকীকে অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়ে বলেন, ‘উনি মৌলবাদীদের পক্ষে কাজ করে যাচ্ছেন। মৌলবাদীদের উৎসাহিত করছেন। তাঁকে কেন এখনো গ্রেপ্তার করা হচ্ছে না।’ লতিফ সিদ্দিকীর দেশে ফেরা ও গ্রেপ্তার না হওয়ার বিষয়ে সংসদে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর বক্তব্য দাবি করেন তিনি।
এরপর লতিফ সিদ্দিকীর সংসদ সদস্যপদ খারিজ করার জন্য স্পিকারের দৃষ্টি আকর্ষণ করেন স্বতন্ত্র সাংসদ হাজি মোহাম্মদ সেলিম। তিনি বলেন, ‘জনগণ বলছে, সরকারের গ্রিন সিগন্যাল আছে। কিন্তু আমি জানি, প্রধানমন্ত্রীর কোনো গ্রিন সিগন্যাল নেই। তিনি (প্রধানমন্ত্রী) লতিফ সিদ্দিকীর বক্তেব্যের সঙ্গে যে একমত নন, তা ইতিমধ্যে প্রমাণ করেছেন।’ হাজি সেলিম বলেন, ‘বঙ্গবন্ধু, জিয়াউর রহমান মারা গেছেন, ২১ আগস্টের বোমা হামলায় আইভি রহমান মারা গেছেন। অথচ গোয়েন্দা বাহিনী কিছু করতে পারেনি। এই যদি গোয়েন্দা বাহিনীর অবস্থা হয়, তাহলে আমি শেখ হাসিনার জীবন নিয়ে সংশয়ে আছি।’
আরেক স্বতন্ত্র সাংসদ রুস্তম আলী ফরাজী বলেন, লতিফ সিদ্দিকী দেশকে বিপদে ফেলতে চান। দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে চান। তাঁর কারণে আবার হেফাজত রক্তের খেলা খেলবে। তিনি প্রয়োজনে ব্লাসফেমি আইন করারও আহ্বান জানান।
বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের সাংসদ এস এম আবুল কালাম আজাদ এ বিষয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য দাবি করেন। লতিফ সিদ্দিকীর সংসদ সদস্যপদ আছে কি না, সে ব্যাপারে স্পিকারের সিদ্ধান্ত চান তিনি।
বিরোধী দল ও স্বতন্ত্র সাংসদদের বক্তব্যের পর আবদুল লতিফ সিদ্দিকীর সদস্যপদ নিয়ে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, সংবিধান স্পিকারকে এমন কোনোÿক্ষমতা দেয়নি যে তিনি স্বয়ংক্রিয়ভাবে তা প্রয়োগ করতে পারবেন। এ-সংক্রান্ত যে অনুচ্ছেদ আছে, সেগুলো যদি প্রযোজ্য হয়, তখনই তাঁর সদস্যপদ যাবে। তিনি বলেন, গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার হাতকে মুক্ত করে দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে শুধু স্পিকারকে অবহিত করতে হবে।
একটি বিল পাস: রাজশাহী কৃষি বিল, ২০১৪ গতকাল সংসদে পাস হয়েছে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বিলটি পাসের জন্য উত্থাপন করেন। এরপর অধিবেশন আজ বিকেল চারটা পর্যন্ত মুলতবি করা হয়।