লতিফ সিদ্দিকীর সর্বোচ্চ শাস্তি দাবি হেফাজতের
পবিত্র হজ ও মহানবী হজরত মুহাম্মদ (সা.) সম্পর্কে কটূক্তি করায় আবদুল লতিফ সিদ্দিকীর সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছে হেফাজতে ইসলামের ঢাকা মহানগর কমিটি। প্রয়োজনে নতুন আইন করারও দাবি জানিয়েছে দলটি।
আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বারিধারায় জামিয়া মাদানিয়া মাদ্রাসায় এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান হেফাজতে ইসলামের ঢাকা মহানগর কমিটির আহ্বায়ক নূর হোসাইন কাসেমী।
সংবাদ সম্মেলনে নূর হোসাইন কাসেমী বলেন, ‘পবিত্র হজ ও মহানবী হজরত মুহাম্মদ (সা.) সম্পর্কে কটূক্তিকারী আবদুল লাতিফ সিদ্দিকীকে মন্ত্রিসভা থেকে অপসারণ এবং দলের সভাপতিমণ্ডলীর সদস্যপদ থেকে বাদ দেওয়ার নোটিশ জারি করা হয়েছে উদ্ভূত পরিস্থিতি সামাল দেওয়ার জন্য। কিন্তু লতিফ সিদ্দিকী যে জঘন্য অন্যায় করেছেন, তাঁর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আইন করে তা কার্যকর করার কোনো বিকল্প নেই।’
লতিফ সিদ্দিকীসহ ‘নাস্তিক মুরতাদদের বেয়াদবি ও দাম্ভিকতার’ পথ চিরতরে বন্ধের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান নূর হোসাইন কাসেমী।
সংবাদ সম্মেলনে আগামী ২০ নভেম্বর ঢাকা অঞ্চলে উলামা প্রতিনিধি সম্মেলন এবং নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত বৃহত্তর ঢাকা জেলা, উপজেলা ও মহানগরে শানে রেসালাত কর্মসূচি ঘোষণা করা হয়।
সম্মিলিত ইসলামী দলসমূহের ২৬ অক্টোবরের কর্মসূচি হেফাজতে ইসলাম সমর্থন করে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে নূর হোসেন কাসেমী বলেন, ‘হেফাজতে ইসলামের আমির মাওলানা আহমদ শফি যে সিদ্ধান্ত দেবেন, আমরা তা বাস্তবায়ন করব। আমরা কেন্দ্রের সিদ্ধান্তের অপেক্ষায় আছি।’
লতিফ সিদ্দিকীকে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তার ও তাঁর সর্বোচ্চ শাস্তির দাবিতে আগামী রোববার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে ‘সম্মিলিত ইসলামী দলসমূহ’ নামের ধর্মভিত্তিক কয়েকটি দলের একটি মোর্চা। গতকাল বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে সম্মিলিত ইসলামী দলসমূহের সদস্য সচিব ও বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা জাফরুল্লাহ খান এ কর্মসূচি ঘোষণা করেন।
হেফাজতে ইসলামের ঢাকা মহানগর কমিটির আজকের সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর কমিটির যুগ্ম আহ্বায়ক আবদুর রব ইউসুফী, সদস্য সচিব জোনায়েদ আল হাবিব, যুগ্ম সদস্য সচিব ফখরুল ইসলাম, আহমদ আলী কাসেমী, মুজিবুর রহমান হামিদী প্রমুখ।