লতিফকে গ্রেপ্তার না করলে হরতাল ঢাকা ঘেরাওয়ের হুমকি
আবদুল লতিফ সিদ্দিকীর দেশে ফেরার খবর পেয়ে তাঁকে গ্রেপ্তার করতে রাতেই বিবৃতি দিয়েছে হেফাজতে ইসলামসহ কয়েকটি ধর্মভিত্তিক সংগঠন। গ্রেপ্তার না করলে ‘ঢাকা ঘেরাও’ ও ‘লাগাতার হরতাল’ কর্মসূচি ঘোষণার হুমকি দিয়েছেন হেফাজতের আমির শাহ আহমদ শফী ও মহাসচিব জুনাইদ বাবুনগরী।
গতকাল রোববার রাত ১০টার দিকে গণমাধ্যমে পাঠানো হেফাজতে ইসলামের এক যৌথ বিবৃতিতে বলা হয়, ‘আমরা বিভিন্ন সূত্রে জানতে পেরেছি, ইসলামের মৌলিক ইবাদত হজ নিয়ে কটূক্তি এবং মহানবী (সা.) সম্পর্কে ধৃষ্টতামূলক মন্তব্যকারী আবদুল লতিফ সিদ্দিকী বিমানবন্দরে অবতরণ করেছেন। আমরা সরকারকে বলতে চাই, তাঁকে সেখান থেকেই গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। ধর্ম অবমাননার অপরাধে মৃত্যুদণ্ড দিতে হবে।’
বিবৃতিতে আরও বলা হয়, কোনো কৌশলে লতিফ সিদ্দিকীকে বাঁচানোর চেষ্টা করা হলে হেফাজতে ইসলাম প্রয়োজনে ঢাকা ঘেরাও ও লাগাতার হরতালের কর্মসূচি ঘোষণা করবে। কর্মসূচি ঘোষণা করা হলে তা পালনের জন্য সর্বস্তরের মুসলমানদের প্রস্তুত থাকার আহ্বান জানানো হয় বিবৃতিতে।
পৃথক বিবৃতিতে লতিফ সিদ্দিকীকে অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়েছে ছোট ছোট কয়েকটি দল ও সংগঠনের জোট সম্মিলিত ইসলামী দলসমূহ। গ্রেপ্তার না করলে হরতাল-অবরোধসহ কঠোর কর্মসূচি দেওয়ার হুমকি দিয়েছে সংগঠনটি। বিবৃতিতে লতিফ সিদ্দিকীর দেশে ফেরার ‘দুঃসাহসের’ নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
এর আগে সম্মিলিত ইসলামী দলসমূহ লতিফ সিদ্দিকীকে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তারের দাবিতে সারা দেশে ২৬ অক্টোবর এক দিনের হরতাল পালন করে।