লতিফকে সেফহোমে জিজ্ঞাসাবাদ

মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক আবদুল লতিফ তালুকদারকে গতকাল বুধবার ধানমন্ডির সেফহোমে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে মানবতাবিরোধী অপরাধ তদন্ত সংস্থা৷
তদন্ত সংস্থা জানায়, সংস্থার সহ-সমন্বয়ক এম. সানাউল হকের নেতৃত্বে আবদুল লতিফকে জিজ্ঞাসাবাদে অংশ নেন তদন্ত কর্মকর্তা মো. হেলাল উদ্দিন, তদন্ত সংস্থার সদস্য আতাউর রহমান ও হরি দেবনাথ৷ এ সময় লতিফের আইনজীবী সারোয়ার হোসেন ও কারাগারের চিকিৎসক সেফহোমে উপস্থিত ছিলেন৷ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর নির্দেশ অনুসারে সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত লতিফকে জিজ্ঞাসাবাদ করা হয়৷ মাঝে দুপুরের খাবার ও নামাজের জন্য এক ঘণ্টার বিরতি ছিল৷
তদন্ত সংস্থা জানায়, একাত্তরে লতিফ স্থানীয় রাজাকারদের সঙ্গে খুলনার ভূতের বাড়ি আনসার ক্যাম্পে প্রশিক্ষণ নেন৷ এরপর একটি রাইফেল, ২০টি গুলিসহ রাজাকার বাহিনীতে যোগ দেন৷ এসব বিষয়ে লতিফকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে৷
রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ১৮ জুন বিচারপতি এম. ইনায়েতুর রহিমের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ লতিফকে সেফহোমে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন৷ ১১ জুন ভোররাতে লতিফকে বাগেরহাট থেকে গ্রেপ্তার করা হয়৷