লতিফুর রহমান আইসিসির নির্বাহী বোর্ডের সদস্য

ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমান আগামী তিন বছরের জন্য প্যারিসভিত্তিক আন্তর্জাতিক বাণিজ্য সংগঠন ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্সের (আইসিসি) নির্বাহী বোর্ডের সদস্য নির্বাচিত হয়েছেন। ২৭ জুন সুইজারল্যান্ডের জেনেভায় আইসিসির ২০২তম কাউন্সিলে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এই কাউন্সিলে আরও পাঁচজনকে নির্বাহী বোর্ডের সদস্য নির্বাচিত করা হয়।
লতিফুর রহমান বর্তমানে আইসিসি, বাংলাদেশের সহসভাপতি। আগামীকাল অর্থাৎ জুলাই মাস থেকে তাঁর এ তিন বছরের মেয়াদ শুরু হবে।
দেশের বিশিষ্ট উদ্যোক্তা লতিফুর রহমান জাতীয় অনেক প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) ও বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের (বিইএফ) সভাপতি হিসেবে তিনি বেশ কয়েকবার নির্বাচিত হয়েছেন।
এ ছাড়া, বাংলাদেশ ব্যাংক, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই), বাংলাদেশ জুট মিলস অ্যাসোসিয়েশন (বিজেএমএ), বাংলাদেশ টি অ্যাসোসিয়েশনের (বিটিএ) নির্বাহী বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। আর্থিক ও বাণিজ্যিক নীতিমালা তৈরির প্রতিষ্ঠানসমূহ যেমন, ট্রেডবডি রিফর্মস কমিটি, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের (ডব্লিউটিও) উপদেষ্টা কমিটি, রপ্তানি উন্নয়নের জাতীয় কমিটির চেয়ারম্যান ছিলেন লতিফুর রহমান। পাশাপাশি তিনি নেসলে বাংলাদেশ, হোলসিম সিমেন্ট বাংলাদেশ, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টসের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০১২ সালে তিনি নরওয়ের অসলোভিত্তিক বিজনেস ফর পিস ফাউন্ডেশন থেকে ব্যবসা-বাণিজ্যের নোবেল খ্যাত ‘বিজনেস ফর পিস’ অ্যাওয়ার্ড পান। এ ছাড়া, ২০০১ সালে আমেরিকান চেম্বার অব কমার্স (অ্যামচেম) থেকে ‘বিজনেস এক্সিকিউটিভ অব দ্য ইয়ার’ পুরস্কার পান।
বাংলাদেশের অন্যতম বৃহৎ বেসরকারি করপোরেট প্রতিষ্ঠান ট্রান্সকম গ্রুপের প্রতিষ্ঠাতা লতিফুর রহমান। ট্রান্সকম গ্রুপের অধীনে বর্তমানে ১৬টি প্রতিষ্ঠান রয়েছে। এসবের মধ্যে রয়েছে ফার্মাসিউটিক্যালস, ইলেকট্রনিকস, খাদ্যপণ্য, পানীয় ও ভোগ্যপণ্যের প্রতিষ্ঠান। এ গ্রুপে বর্তমানে কর্মরত জনবল ১০ হাজার। বিজ্ঞপ্তি।