লতিফের পক্ষে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম-১১ আসনের সাংসদ এম এ লতিফের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং প্রকাশ্য জনসভায় তাঁকে ‘হত্যার হুমকি’ দেওয়ার প্রতিবাদে মানববন্ধন হয়েছে। গতকাল শনিবার বিকেলে নগরের আগ্রাবাদ এলাকায় এ মানববন্ধন হয়। কর্মসূচি থেকে সাংসদ লতিফের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ জানানো হয়।
বঙ্গবন্ধুর প্রতিকৃতি বিকৃত করার ঘটনায় সাংসদ লতিফের শাস্তি দাবি করে আসছেন চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দীন চৌধুরীসহ দলের একটি অংশ। এ ছাড়া প্রায় প্রতিদিনই নগরে সাংসদের বিরুদ্ধে বিভিন্ন সংগঠন কর্মসূচি পালন করছে। এ অবস্থায় সাংসদের অনুসারীদের উদ্যোগে গতকাল এই মানববন্ধন করা হয়।
আগ্রাবাদ এলাকায় মানববন্ধনের আয়োজন করেন সিটি করপোরেশেনের ২৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবদুল কাদের। এলাকাবাসীর ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে কর্ণফুলী ঘাটের শ্রমিকেরা অংশ নেন।
জানতে চাইলে আবদুল কাদের প্রথম আলোকে বলেন, ‘মানববন্ধনে এলাকাবাসীর পাশাপাশি ঘাট-গুদাম শ্রমিক, লবণ শ্রমিক, কোস্টার হ্যাচ শ্রমিকেরাও কর্মসূচিতে অংশ নেন।’
গত ৩০ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার চট্টগ্রাম সফরকে ঘিরে সাংসদ লতিফের উদ্যোগে নগরের বিভিন্ন সড়কে ফেস্টুন টাঙানো হয়। এসব ফেস্টুনে বঙ্গবন্ধুর ছবি বিকৃত করার ঘটনাকে কেন্দ্র করে চট্টগ্রাম নগর আওয়ামী লীগের রাজনীতিতে উত্তাপ ছড়ায়। পরে সাংসদ লতিফ এক সংবাদ সম্মেলনে স্বীকার করেন যে ছবি বিকৃত করা হয়েছে। তাঁর উপস্থিতিতে গ্রাফিক ডিজাইনার ছবি বিকৃত করার দায় নেন এবং ক্ষমা চান।