লতিফের বিরুদ্ধে মাগুরা ও নাটোরে তিন মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পবিত্র হজ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে মামলা হয়েছে। মাগুরা ও নাটোরে আজ বৃহস্পতিবার তাঁর বিরুদ্ধে তিনটি মামলা করা হয়।

মাগুরা: মাগুরার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে মামলাটি করেন মাগুরা সদর উপজেলার বগিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সৈয়দ রফিকুল ইসলাম। বিচারক ফারাহ মামুন মামলাটি আমলে নিয়ে আসামিকে আগামী ১১ ডিসেম্বর আদালতে হাজির হতে সমন জারি করেন।

মামলার আরজিতে বাদী অভিযোগ করেন, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এক মতবিনিময় অনুষ্ঠানে পবিত্র হজ নিয়ে আপত্তিকর মন্তব্য করেন লতিফ সিদ্দিকী। এতে তাঁর ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগেছে বলে তিনি উল্লেখ করেন। তিনি তাঁর শাস্তি চেয়েছেন।

নাটোর: ধর্মীয় অনুভূতিতে আঘাত ও জয়কে নিয়ে মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে নাটোরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে দুটি মামলা করেন আইনজীবী আরিফ হোসেন। উভয় মামলায় আদালত ১৮ ডিসেম্বর তাঁকে স্বশরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন।

প্রথম মামলার আরজিতে বাদী বলেন, লতিফ সিদ্দিকীর বক্তব্য মুসলিম ধর্মাবলম্বী মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে। বাদীর জবানবন্দি গ্রহণ করে বিচারক ইসরাত জাহান অভিযোগটি আমলে নেন এবং লতিফ সিদ্দিকীকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন।

অপর মামলার আরজিতে বাদী অভিযোগ করেন, লতিফ সিদ্দিকী প্রধানমন্ত্রীর ছেলে এবং তাঁর তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদের রিরুদ্ধে মানহানিকর বক্তব্য দিয়েছেন।